শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬ ১২:২২ পিএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৬ ১২:২৭ পিএম
গাজীপুরে নিয়ন্ত্রণ হারানো একটি প্রাইভেট কার এক পোশাক শ্রমিককে চাপা দেওয়ার পর একটি যাত্রীবাহী অটোরিকশাকেও ধাক্কা দেয় কারটি। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
গাজীপুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক পোশাক শ্রমিক প্রাইভেট কারের চাপায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই গাড়ির ধাক্কায় একটি যাত্রীবাহী অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেলে চালকসহ তিনজন আহত হন।
ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় আরএনজি পোশাক কারখানার সামনে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল কুদ্দুস রাজেন্দ্রপুর এলাকার এনএ জেট পোশাক কারখানায় সহকারী কাটিংম্যান হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানিয়েছে, তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় নিশ্চিত করা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন আব্দুল কুদ্দুস। এ সময় মাওনা চৌরাস্তাগামী একটি দ্রুতগতির প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-৩১৫৮৪৩) নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এরপর একই প্রাইভেট কারটি একটি যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশার চালকসহ তিন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তিনি আরও জানান, স্থানীয়রা প্রাইভেট কারটি আটক করলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।