কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬ ২০:২২ পিএম
আটককৃত আইওএম সংস্থার কর্মীদের বহনকারী মাইক্রোবাস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কক্সবাজারের উখিয়ায় আশ্রয় শিবিরে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মীদের ব্যবহৃত মাইক্রোবাসের ধাক্কায় ওয়াইদান (৪) নামের এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় স্থানীয়রা ক্যাম্পের অভ্যন্তরে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলেও পরে পুলিশের তৎপরতায় দুই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
উপজেলার
১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-০১ ব্লকে মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানান
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান।
নিহত
আবু ওয়াইদান উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-০৪ ব্লকের বাসিন্দা মৌলভী
মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে।
স্থানীয়দের
বরাতে ওসি জানান, দুপুরে উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-০১ ব্লকের সড়ক দিয়ে
আইওএম সংস্থার কর্মীদের বহনকারী একটি মাইক্রোবাস যাওয়ার সময় অসাবধানতাবশত এক
শিশুকে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে আশ্রয় শিবির
সংলগ্ন ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ রোহিঙ্গারা দ্রুত ঘটনাস্থলে জড়ো হয় এবং আইওএমের
গাড়িটি ভাঙচুর করে সড়ক অবরোধ করে।
ওসি বলেন, “পরে খবর পেয়ে এপিবিএন পুলিশ এবং উখিয়া থানা পুলিশ দ্রুত
ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পরবর্তীতে প্রায় দুই
ঘণ্টা চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। দুর্ঘটনার পরপরই চালক
গাড়িটি ফেলে পালিয়ে যায়। পলাতক চালককে আটকের জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।”
তিনি
আরও বলেন, “নিহত শিশুর লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল
মর্গে পাঠানো হয়েছে।”