বগুড়া অফিস
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬ ২১:১৩ পিএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৬ ২১:১৪ পিএম
প্রতীকী ছবি
বগুড়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।
মারা যাওয়া শিশুটির নাম জেরিন। তার বয়স ছিল তিন মাস। হাসপাতালের উপপরিচালক ডা. মঞ্জুর ই মুর্শেদ সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেন।
হাসপাতাল থেকে জানা যায়, এর আগে শনিবারে হামের উপসর্গ নিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। তার সঙ্গে ডায়রিয়া ও ব্রঙ্কোপনিউমোনিয়াও ছিল। মৃত্যুর পর শিশুটির নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ডা. মঞ্জুর ই মুর্শেদ বলেন, “এ নিয়ে জেলায় মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে, আর বাকি চারজন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।“
বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩১ জন শিশু ভর্তি রয়েছে।