আঞ্চলিক প্রতিবেদক, সুনামগঞ্জ
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬ ১৯:১১ পিএম
প্রতীকী ছবি
সুনামগঞ্জ সদরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
উপজেলার মোল্লাপাড়া ও গৌরারং ইউনিয়নে সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এদিকে বজ্রপাতে জেলার শান্তিগঞ্জ উপজেলায় আরও তিনজন আহত বলে খবর পাওয়া গেছে।
মৃতরা হলেন— সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের আব্দুর কাদিরের ছেলে জমির উদ্দিন এবং একই উপজেলার গৌরারং ইউনিয়নের বৈটাখালি গ্রামের কায়িদ হোসেনের ছেলে জমির হোসেন।
স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে সদর উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের দেখার হাওরে অন্যান্য কৃষকদের সঙ্গে বোরো ধান কাটতে যান জমির উদ্দিন। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। তাকে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, একই সময়ে গৌরারং ইউনিয়নের বৈটাখালি গ্রামের জমির হোসেন বাড়ি থেকে বের হয়ে বৈটাখালি নদীঘাটে যাওয়ার সময় বজ্রপাতের কবলে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক শফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে বজ্রপাতে আহত দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল, তবে তারা পথেই মারা যান।
এদিকে, জেলার শান্তিগঞ্জ উপজেলায় হাওরে ধান কাটার সময় বজ্রপাতে আরও ৩ জন কৃষক আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে আহতদের নামপরিচয় জানা যায়নি।