বগুড়া অফিস
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬ ১৮:৫১ পিএম
প্রতীকী ছবি
বগুড়ার সারিয়াকান্দিতে ঝড়ে পড়া গাছ সরাতে গিয়ে দিলবর সরদার (৫৫) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে।
দিলবর সরদার উপজেলার পৌর এলাকার নিজ বাটিয়া গ্রামের মৃত জালাল সরদারের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, উপজেলায় রোববার রাত দুইটার দিকে মাঝারি ধরনের ঝড়–বৃষ্টি হয়। এতে দিলবর সরদারের একটি ইউক্যালিপটাস গাছ উপড়ে গিয়ে পাশের একটি ঘরের ওপর পড়ে। সকালে গাছটি সরানোর জন্য তিনি কাটার কাজ শুরু করেন।
এ সময় তিনি মাটিতে পড়ে যান এবং গাছের একটি ডাল তার ওপর ভেঙে পড়ে। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সুমাইয়া ফেরদৌস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “নিহতের পরিবার ও ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে পরিবারটিকে ১৫ হাজার টাকা ও শুকনো খাবার সহায়তা দেওয়া হয়েছে।“