সদরপুর (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬ ১৪:২৫ পিএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৬ ১৪:২৭ পিএম
ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে সোমবার জেলের বড়শিতে ধরা পড়া ৮ ফুট লম্বা কুমির। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীতে জেলেদের বড়শিতে আটকা পড়েছে প্রায় ৮ ফুট লম্বা একটি কুমির।
উপজেলার গোপালপুর ঘাট এলাকায় সোমবার সকালে কুমিরটিকে বড়শির সঙ্গে আটকে থাকতে দেখতে পান জেলে সাগর।
বর্তমানে কুমিরটি মুখ বেঁধে কাজীবাড়ি ঘাটে বাঁশের সঙ্গে বেঁধে রাখা হয়েছে।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা হলে তারা বলেন, রবিবার রাতে পদ্মা নদীতে মাছ ধরার জন্য বড়শি (হাজারি বড়শি) ফেলেন জেলে সাগর। সকালে বড়শি তুলতে গিয়ে তিনি দেখতে পান, তাতে একটি কুমির আটকা পড়ে আছে।
পরে তিনি তার সহযোগীসহ কয়েকজন জেলের সহায়তায় কুমিরটিকে ডাঙায় তুলে আনেন এবং মুখ বেঁধে নিরাপদ স্থানে রাখেন, বলেন তারা।
ঘটনার পর স্থানীয়রা বন বিভাগ ও পুলিশ প্রশাসনকে খবর দেয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কুমিরটি উদ্ধারের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
জেলে সাগর বলেন, বড়শিতে কুমির ধরা পড়ার পর তারা সেটিকে ডাঙায় তুলে এনে মুখ বেঁধে ঘাটে রেখেছেন এবং বন বিভাগকে খবর দিয়েছেন।
এদিকে স্থানীয়দের মধ্যে কুমির আতঙ্ক বিরাজ করছে।
এলাকাবাসীর কয়েকজন জানান, গত কয়েকদিন ধরে পদ্মা নদীতে একাধিক কুমির ভেসে থাকতে দেখা গেছে। এর আগেও একটি কুমির ধরা পড়লেও সেটি আটকে রাখা সম্ভব হয়নি। ফলে নদীতে নামতে ভয় পাচ্ছেন তারা।
স্থানীয়রা জানান, নদীতে গোসল, কাপড় ধোয়া ও শিশুদের খেলা বন্ধ হয়ে গেছে কুমির আতঙ্কে।
এক বাসিন্দা বলেন, কুমির ধরা পড়ায় কিছুটা স্বস্তি মিললেও পুরোপুরি আতঙ্ক কাটেনি।
এদিকে সদরপুর ও চরভদ্রাসন দুই উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত পদ্মা নদীতে কুমিরের উপস্থিতির কারণে দুই তীরের মানুষই আতঙ্কে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
তারা নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।