নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬ ১৪:১৩ পিএম
আনিতা হত্যার বিচার দাবিতে বরিশাল বিএম কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বরিশাল বিএম কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী সানজিদা কবির আনিতা হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কলেজের শিক্ষার্থীরা।
বিএম কলেজের মসজিদ গেটের সামনে সোমবার বেলা ১২টায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।
পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাসের সামনের সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে নিহত আনিতার বাবা মহসিন কবির শাহীন তার মেয়ের ‘হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত’ মাইনুল ইসলাম হিমুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
একই সঙ্গে শিক্ষার্থীরাও দ্রুত সব আসামিকে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার আহ্বান জানান।
সহপাঠীরা বলেন, আনিতার হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে।
এর আগে ২৩ এপ্রিল বরিশাল নগরীর মুনশি গ্যারেজ এলাকায় মাইনুল ইসলাম হিমুর বাসা থেকে সানজিদা কবির আনিতার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আনিতার পরিবার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে।