নেছারাবাদ (পিরোজপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬ ১০:১৯ এএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৬ ১০:২০ এএম
জাতীয় সংসদে নেছারাবাদের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরছেন প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর। ছবি: ভিডিও থেকে
পিরোজপুরের নেছারাবাদ উপজেলাকে আধুনিক ও সমৃদ্ধ অঞ্চলে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে জোরালো বক্তব্য দিয়েছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর। তার এ উদ্যোগে উপজেলাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে রবিবার সংসদের অধিবেশনে তিনি নেছারাবাদের সার্বিক উন্নয়নের জন্য একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেন। স্থানীয়দের বিশ্বাস, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দীর্ঘদিনের অবহেলিত এ অঞ্চল অর্থনৈতিক ও অবকাঠামোগতভাবে এগিয়ে যাবে।
তার বক্তব্যে সন্ধ্যা নদীর ওপর একটি সেতু নির্মাণের প্রস্তাব বিশেষ গুরুত্ব পায়। একই সঙ্গে উপমহাদেশের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও ছারছীনার দরবার শরীফের প্রতিষ্ঠাতা শাহ নেছার উদ্দীন-এর নামে সেতুটির নামকরণের দাবি জানান তিনি।
এছাড়া নেছারাবাদে একটি ১০০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণের ওপর জোর দেন প্রতিমন্ত্রী, যাতে স্থানীয় মানুষ উন্নত চিকিৎসাসেবা পেতে পারে। তিনি পর্যটন খাতের সম্ভাবনাও তুলে ধরে বরিশালের “আপেল” খ্যাত আটঘর-কুড়িয়ানা অঞ্চলের পেয়ারার বাগানকে পর্যটন এলাকা হিসেবে ঘোষণার আহ্বান জানান। প্রতি মৌসুমে এখানে হাজার হাজার পর্যটকের আগমন ঘটে।
এদিকে সংসদে দেওয়া তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক মহল মনে করছে, তার নির্বাচনি প্রতিশ্রুতির অনেকগুলো ইতোমধ্যে দৃশ্যমান হতে শুরু করেছে।
নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আবদুল্লাহ আল বেরুনী সৈকত বলেন, প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকেই এলাকার উন্নয়নে তার আন্তরিকতা স্পষ্ট হয়েছে। তিনি উল্লেখ করেন, নেছারাবাদ একটি বড় উপজেলা হওয়ায় এখানে চিকিৎসাসেবার চাপ অত্যন্ত বেশি। কাগজে-কলমে ৫০ শয্যার হাসপাতাল থাকলেও বাস্তবে তা প্রায় ১৯ শয্যায় সীমাবদ্ধ রয়েছে, যা পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট নয়।
তিনি আরও বলেন, সন্ধ্যা নদীর কারণে যোগাযোগ ব্যবস্থা দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার। একটি সেতু নির্মিত হলে উপজেলার পূর্ব ও পশ্চিম পাড়ের মধ্যে যোগাযোগ সহজ হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে
পাশাপাশি আটঘর-কুড়িয়ানা অঞ্চলের পেয়ারার বাগান আন্তর্জাতিকভাবে পরিচিত হওয়ায় এটিকে পর্যটন এলাকা ঘোষণার দাবি এখন সময়োপযোগী।
সবশেষে স্থানীয়রা আশা প্রকাশ করেন, সংসদ সদস্যের উত্থাপিত দাবিগুলো বাস্তবায়িত হলে নেছারাবাদ একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ অঞ্চলে পরিণত হবে।