× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুরে আশীর্বাদ হয়ে এলো বৃষ্টি, বাঁচল ৫০ কোটি টাকা

রংপুর অফিস

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬ ১৫:৫১ পিএম

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬ ১৫:৫৬ পিএম

রংপুরে ভারী বৃষ্টিপাত হওয়ায় শুকিয়ে যাওয়া ফসলের ক্ষেত পানিতে ভরে গেছে। এতে অন্তত তিনটি সেচ সাশ্রয় হয়েছে কৃষকের। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রংপুরে ভারী বৃষ্টিপাত হওয়ায় শুকিয়ে যাওয়া ফসলের ক্ষেত পানিতে ভরে গেছে। এতে অন্তত তিনটি সেচ সাশ্রয় হয়েছে কৃষকের। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রংপুরে বোরো আবাদে সেচ নিয়ে যখন দুঃশ্চিন্তায় কৃষক, তখন আশীর্বাদ হয়ে নেমে এসেছে বৃষ্টি। শুকিয়ে যাওয়া ফসলের ক্ষেত পানিতে ভরে গেছে। এতে আগামী দুই থেকে তিনটি সেচ সাশ্রয় হয়েছে কৃষকের। ফলে সেচ খাতে ৫০ কোটি টাকার অর্থ সাশ্রয় হচ্ছে। কমবে বোরোর উৎপাদন খরচও।

রংপুর কৃষি বিভাগ সূত্র জানায়, দোনপ্রতি (২৪ শতক) কৃষকের একবার সেচ দিতে খরচ হয় প্রায় ১২৫ টাকা। তিন বার সেচ দিতে দোনপ্রতি কমপক্ষে ৩৭৫ টাকা খরচ করলে হেক্টর প্রতি কৃষকের খরচ হতো ৩ হাজার ৭০০ টাকা। এ বছর রংপুরে ১ লাখ ৩২ হাজার ৮৩৫ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। হিসাব অনুযায়ী কৃষকের সেচ সাশ্রয় হচ্ছে প্রায় ৫০ কোটি টাকা।  

রংপুর মিঠাপুকুর উপজেলার ইসলামপুরের কৃষক আজিজার রহমান বলেন, ডিজেল নিয়ে সংকটের মাঝে আমরা অনেক কৃষক ঠিকমতো সেচ দিতে পারি নাই। শনিবার থেকে রংপুরে বৃষ্টি হওয়ায় ক্ষেতগুলো পানিতে পরিপূর্ণ হয়ে গেছে। কমপক্ষে তিনটি সেচ আমাদের বেঁচে গেল। এতে ধানের আবাদ ভাল হবে। তবে ভারী বৃষ্টি হতে থাকলে নিচু জমিগুলোতে জলাবদ্ধতা দেখা যাবে। আমরা আবহাওয়া দেখে ফসলের দিকে নজর রাখছি।

রংপুর নগরীর নজিরেরহাটের কৃষক শ্যামল রায় বলেন, সার, কীটনাশকের বেশি দামের কারণে উৎপাদন খরচ বেড়েছিল, তা বৃষ্টির কারণে সেচ কম লাগবে বলে কিছুটা লাঘব হবে। বর্তমানে আমার ক্ষেত পানিতে পরিপূর্ণ। উঁচু জমি হওয়ায় বৃষ্টি নিয়ে কোনও ধরনের সমস্যা হবে না। এছাড়া বৃষ্টিতে ক্ষেতে পানি জমায় নানা ধরনের পোকা-মাকড়ের হাত থেকে ফসল রক্ষা পাবে।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সিরাজুল ইসলাম বলেন, রংপুরে বৃষ্টিপাত কৃষকের জন্য আশীর্বাদ হয়েছে। এতে কৃষকের সেচ সাশ্রয় হওয়ায় উৎপাদন খরচ কমেছে। শনিবার ও রবিবার রংপুর জেলার ৮ উপজেলা ও রংপুর কৃষি অঞ্চলের ৫টি জেলাতেই বৃষ্টি হয়েছে। বর্তমানে ধানের প্রজনন মৌসুম চলছে। এ সময় ক্ষেতে পানির প্রয়োজন ছিল। যে পরিমাণ বৃষ্টি হয়েছে, আগামী ১০ থেকে ১২ দিন ক্ষেতে পানি দেওয়ার প্রয়োজন পড়বে না। যদি এমন আবহাওয়া বিরাজ করে তবে এবার কম সেচেই বোরো উৎপাদন করা যাবে। এছাড়া বোরো ক্ষেতে জলাবদ্ধতা নিরসনের জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।

রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুরসহ পার্শ্ববর্তী এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরী হতে পারে। এতে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রংপুর বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এতে অস্থায়ী জলাবদ্ধতাও দেখা দিতে পারে।

আবহওয়া অফিস শনিবার দুপুর ১২টা থেকে রবিবার দুপুরে ১২টা পর্যন্ত রংপুর বিভাগে ১৩০ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।

রংপুর আবহওয়া কর্মকর্তা মোস্তাফিজার রহমান বলেন, রংপুরে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হচ্ছে। এটি ৪ দিন ধরে চলমান থাকার পূর্বাভাস রয়েছে। এ তথ্য কৃষি বিভাগসহ সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। যেহেতু বজ্রপাত হচ্ছে, তাই সাধারণ মানুষকে চলাচলের ক্ষেত্রে সাবধানতা অবলম্ব করতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা