চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬ ২০:৫৫ পিএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৬ ২০:৫৯ পিএম
প্রতীকী ছবি
চুয়াডাঙ্গার দামুড়হুদায় মৌমাছির কামড়ে আনিসুর (৪৫) নামে এক নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে। এ সময় আরও কয়েক জন আহত হয়েছেন।
নিহত আনিসুর রহমান দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নের বাজারপাড়ার আবু তাহেরের ছেলে। তিনি পেশায় ঝিনাইদহ জেলার খালিশপুর এলাকার কোল্ডস্টোরের নৈশ প্রহরী ছিলেন। শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজন জানান, প্রতিদিনের মতো দায়িত্ব শেষে ভোরে পাখিভ্যানযোগে বাড়ি ফিরছিলেন আনিসুর রহমান। এ সময় উপজেলার জয়রামপুর এলাকায় পৌঁছালে হঠাৎ অসংখ্য মৌমাছি তাদের ওপর আক্রমণ করে। এছাড়া একটি মৌমাছি তার কানের ভেতরে ঢুকে পড়ে।
তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি পাশের একটি পুকুরে ঝাঁপ দেন। পরে এই অবস্থায় তিনি বাড়িতে আসেন। পরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করা হয়। তবে সদর হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, “পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি ভিমরুল বা মৌমাছির কামড়ে আক্রান্ত হয়েছিলেন। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আনিসুর রহমান তিন সন্তানের জনক ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।"