বগুড়া অফিস
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬ ১৭:০০ পিএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৬ ১৭:৫৭ পিএম
প্রতীকী ছবি
দাম্পত্য কলহ ও স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর অভিমানে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন নজরুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তি। তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানিয়েছেন পুলিশ।
বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নে শুক্রবার এমন ঘটনা ঘটে।
গুরুতর দগ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শুক্রবার রাত সোয়া ১১টার দিকে তার মৃত্যু হয়।
স্থানীয়দের ভাষ্যমতে, নজরুল ইসলামের বাড়ি উপজেলার আড়িয়া ইউনিয়নে। তার দুই ছেলে সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি কোনো কাজ করতেন না, এবং শ্বশুরবাড়িতেই থাকতেন।
ইউনিয়ন পরিষদের সদস্য ঝর্ণা বেগম বলেন, "জুয়া ও মাদকের কারণে নজরুল ইসলাম পাড়া-প্রতিবেশীর কাছ থেকে বিপুল পরিমাণ টাকা ধার করেছিলেন। এসব নিয়ে পরিবারে অশান্তি বাড়তে থাকে। বিরোধ চরমে পৌঁছালে স্ত্রী তাকে তালাক দেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, “দেনার চাপ ও দাম্পত্য কলহের কারণে নজরুল ইসলাম মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্ত্রীর তালাকের পর হতাশা থেকে তিনি এই চরম পথ বেছে নেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এখনও থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।"