নেত্রকোনা প্রতিবেদক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬ ১৩:৪২ পিএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৬ ১৩:৪২ পিএম
মাসুম মোস্তফা এবং তার ভাঙচুর হওয়া গাড়ি। ছবি: সংগৃহীত
নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফার ব্যক্তিগত গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও এমপিকে অবরুদ্ধ করে রাখার অভিযোগে মামলা হয়েছে।
মাছুম মোস্তফার ব্যক্তিগত সহকারী আল আমিন বাদী হয়ে শুক্রবার দিনগত রাতে ওই আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু তাহের তালুকদারকে প্রধান আসামি করে ৬০ জনের নামে মামলাটি দায়ের করেন।
মামলায় অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। আসামিরা বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের নেতা-কর্মী বলে জানা গেছে।
এদিকে মামলার পরপরই অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে, গত শুক্রবার সন্ধ্যায় জেলার পূর্বধলা উপজেলার গিরিপথ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। ঘটনার পর রাতেই উপজেলার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সংসদ সদস্য মাছুম মোস্তফা।
সংবাদ সম্মেলনে সংসদ সদস্য জানান, সন্ধ্যায় ব্যক্তিগত গাড়ি নিয়ে ওই ফিলিং স্টেশনে যান তিনি। সেখানে একটি কক্ষে নামাজ পড়তে যান। নামাজ শেষে হট্টগোল ও ভাংচুরের শব্দ পেয়ে বের হলে বিক্ষুব্ধ যুবকেরা তাকে ধাওয়া করে অবরুদ্ধ করে রাখেন এবং তার সঙ্গে থাকা লোকজনকে মারধর করা হয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। সংসদ সদস্যের দাবি, হামলাকারীরা স্থানীয় বিএনপির নেতা-কর্মী।
এ ব্যাপারে নেত্রকোনা সদর সার্কেলের এসপি সজল কুমার সরকার জানান, মামলা রুজু হয়েছে। অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।