× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরিবহন ব্যয় বাড়ার প্রভাব পণ্যবাজারে

হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬ ১২:১২ পিএম

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬ ১২:২৫ পিএম

ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি তেলের সঙ্গে পরিবহন সেক্টর অঙ্গাঙ্গিভাবে জড়িত। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি তেলের সঙ্গে পরিবহন সেক্টর অঙ্গাঙ্গিভাবে জড়িত। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

“আগে ফরিদপুরের রাজবাড়ী থেকে এক ট্রাক মাল (পণ্য) আনতে ভাড়া দিতে হতো ২৫ থেকে ২৬ হাজার টাকা। সেই ট্রাক ভাড়া এখন নেওয়া হচ্ছে ৪০ হাজার টাকা। গত সোমবার আমাদের আড়তে রাজবাড়ী থেকে এক ট্রাক পেঁয়াজ আনা হয়েছিল, ওই ট্রাকের ভাড়া ছিল ৪৪ হাজার টাকা।”

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব বাজারে কেমন পড়ছে জানতে চাইলে ওপরের কথাগুলো বলেন খাতুনগঞ্জের মেসার্স হেরা ট্রেডার্সের ম্যানেজার মোহাম্মদ রমজান আলী।

তিনি বলেন, “জ্বালানি তেলের দাম বাড়ার কারণে পরিবহন খরচ অনেক বেড়েছে। ফরিদপুর থেকে এক ট্রাক পেঁয়াজ আনতে এখন পরিবহন খরচ বেড়েছে ১৫ থেকে ১৬ হাজার টাকা। পরিবহন খরচ বাড়ায় এখন পেঁয়াজের দামও বাড়বে।” তবে আগে আনা পেঁয়াজ আড়তে পর্যাপ্ত থাকায় পেঁয়াজের দাম এখনও বাড়েনি বলে তিনি জানান। খাতুনগঞ্জে পাইকারিতে মানভেদে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৬ থেকে সর্বোচ্চ ৩০ টাকায়।

শুধু ট্রাক ভাড়া বেড়েছে এমন নয়, জ্বালানি তেলের দাম পণ্য আমদানি থেকে শুরু করে বাজারজাত পুরো প্রক্রিয়ায় বেড়েছে পরিবহন খরচ। যুদ্ধ পরিস্থিতির কারণে বিদেশ থেকে জাহাজে করে পণ্য আনতে বাড়ছে জাহাজ ভাড়া। বড় জাহাজে চট্টগ্রাম বন্দরে আসার পর সেখান থেকে লাইটার জাহাজে পণ্য খালাস করে খাটে আনার ক্ষেত্রে বাড়তে যাচ্ছে লাইটার জাহাজের ভাড়া। জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে জাহাজ ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে লাইটার জাহাজ মালিকদের সংগঠন বিডব্লিউটিসিসি। এরপর ঘাট থেকে গুদাম, গুদাম থেকে পণ্যের বাজার সব ক্ষেত্রে পরিবহন ভাড়া বাড়ছে। দূরত্বভেদে স্থলপথে ট্রাকের ভাড়া ৩০ থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে। 

ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি তেলের সঙ্গে পরিবহন সেক্টর অঙ্গাঙ্গিভাবে জড়িত। খাতুনগঞ্জের ব্যবসায়ীরা জানিয়েছেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এখন বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে শুরু করেছে। আর যেসব পণ্যের দাম এখনও স্থিতিশীল আছে, সেগুলোরও কয়েক দিনের মধ্যে বেড়ে যাবে। 

এ সম্পর্কে জানতে চাইলে চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, তেলের দাম বৃদ্ধির কারণে ইতোমধ্যে কিছু কিছু পণ্যের দাম বাড়তে শুরু করেছে। আড়তে আগে আনা মালগুলোর দাম স্বাভাবিক থাকলেও এখন যেসব মাল ঢুকছে, সবগুলোর দাম একটু বাড়তি।’ তিনি অভিযোগ করেন, ডিজেলের দাম ১৫ শতাংশ বাড়ানো হলেও ভাড়া ৩০ শতাংশের বেশি বাড়িয়ে দিয়েছেন পরিবহন মালিকরা।

খাতুনগঞ্জে খোঁজ নিয়ে জানা যায়, গত দুই সপ্তাহ ধরে বাজারে ভোজ্যতেলের দাম ঊর্ধ্বমুখী। গত সোমবার যেখানে বাজারে প্রতি মণ পাম অয়েল বিক্রি হয়েছিল ৬ হাজার ৩০০ টাকা, সেখানে মঙ্গলবার বিক্রি হয়েছে ৬ হাজার ৩৮০ টাকায়। সয়াবিন তেল সোমবার বিক্রি হয়েছিল ৭ হাজার ৩০০ টাকায়। এক দিনের ব্যবধানে মঙ্গলবার বিক্রি হয়েছে ৭ হাজার ৪০০ টাকায়। 

অন্যদিকে মানভেদে কেজিপ্রতি এলাচের দাম বেড়েছে ১০০ টাকা। এক সপ্তাহ আগে যেখানে প্রতি কেজি এলাচ বিক্রি হয়েছিল ৪ হাজার ১০০ থেকে ৪০০ টাকায়, সেখানে মঙ্গলবার বিক্রি হচ্ছে ৪ হাজার ২০০ থেকে ৫০০ টাকায়। এ ছাড়া কেজিপ্রতি ছোট দানার মুগডালের দাম বেড়েছে ২০ টাকা। এক সপ্তাহ আগে যেখানে ছোট দানার প্রতি কেজি মুগডাল বিক্রি হয়েছিল ১১৫ টাকায় সেখানে এখন বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়। 

একই কথা জানিয়েছেন পাহাড়তলী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক রেজা খান। প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, “আগের তুলনায় এখন প্রতি ট্রিপে ৫ থেকে ৭ হাজার টাকা ভাড়া বেড়েছে। আগে নওগাঁ থেকে এক ট্রাক চাল আনতে ভাড়া গুনতে হতো ২০ হাজার টাকা, এখন এই ভাড়া নিচ্ছে ২৬ থেকে ২৭ হাজার টাকা। আগে দিনাজপুর থেকে পাহাড়তলী বাজারের ভাড়া ছিল ২৫ থেকে ২৬ হাজার টাকা। সেখানে এখন নিচ্ছে ৩০ থেকে ৩২ হাজার টাকা।”

পরিবহন খরচ বাড়লেও আড়তে চালের দাম বাড়েনি বলে তিনি জানান। রেজা খান বলেন, বোরো মৌসুমের ধান উঠতে শুরু করেছে। সাধারণত এই সময় চালের বাজার নিম্নমুখী থাকে। কিন্তু এখন পরিবহন ভাড়া বৃদ্ধির কারণে সেটি হচ্ছে না। মৌসুম শুরু হওয়ায় বস্তা প্রতি যে ১০০ থেকে ২০০ টাকা কমত, সেটি এখন বাড়তি ভাড়ার পেছনে চলে যাচ্ছে। এক সপ্তাহ আগে বাজারে যেই দামে চাল বিক্রি হয়েছিল, এখনও সেই দামে বিক্রি হচ্ছে। 

ডিজেলের দাম ১৫ শতাংশ বাড়ানো হলেও ভাড়া ৩০ শতাংশের বেশি বাড়ানো হয়েছে ব্যবসায়ীদেরÑ এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ কাভার্ড ভ্যান-ট্রাক-প্রাইমমুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি মুকবুল আহমদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “ভাড়া নির্ধারণের ক্ষেত্রে তেলের দাম আনুষঙ্গিক খরচ বিবেচনায় নেওয়া হয়। আগে গাজীপুর থেকে চট্টগ্রামে আপ-ডাউন একটি ট্রিপ দিতে তিন দিন সময় লাগত, কিন্তু সেখানে এখন ৫ দিন সময় লাগছে। বেশি সময় লাগার কারণে ড্রাইভারের খাবার খরচসহ আনুষঙ্গিক খরচও বেড়েছে। যে কারণে ভাড়া বাড়ানোর হারটা একটু বেশি।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা