চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬ ২৩:১৩ পিএম
খননের সময় মাটি ধসে পড়ে দুই শ্রমিক নিহত হন। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে ওয়াসার পয়ঃনিষ্কাশন প্রকল্পের কাজ করার সময় মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দুইজন। আগ্রাবাদের ছোটপোল এলাকায় পুলিশ লাইনসের অদূরে বৃহস্পতিবার ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা হলেনÑ মো. রাকিব ও আইনুল ইসলাম। আহত দুই শ্রমিক সাগর ও এরশাদ।
ওয়াসা সূত্রে জানা গেছে, রাতে আগ্রাবাদে চট্টগ্রাম চীনা হাইড্রো কোম্পানির কয়েক শ্রমিক খননকৃত গর্তের নিচে কাজ করছিল। আরেক পাশে তখনও মাটি খননের কাজ চলছিল। একপর্যায়ে হঠাৎ ওপর থেকে মাটির বিশাল একটি স্তূপ তাদের ওপর ধসে পড়লে চার শ্রমিক নিচে চাপা পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে প্রকল্প পরিচালক (পিডি) ও ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, শ্রমিকদের ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ করেছে। আমরা এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করব। পাশাপাশি নিহতদের পরিবার যাতে যথাযথ ক্ষতিপূরণ পায়, সেই বিষয় নিশ্চিত করব।