দুর্গাপুর (রাজশাহী) প্রতিবেদক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬ ২০:৪৫ পিএম
দুর্গাপুর থানা, রাজশাহী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাজশাহীর দুর্গাপুরে এনজিও কর্মীকে কুপিয়ে কিস্তির লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় ‘বীজ এনজিওর’ ফিল্ড অফিসার শাহিনুর রহমান (২৯) ও সহকর্মী মনিরা আহত হন।
উপজেলার নান্দোপাড়া এলাকায় বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
শাহিনুর রহমান বগুড়া জেলার শিবগঞ্জ থানার বুড়িগঞ্জ এলাকার শাহজাহানের ছেলে। তিনি বীজ এনজিওর দুর্গাপুর শাখায় কর্মরত রয়েছেন।
জানা গেছে, দায়িত্ব পালনকালে মোটরসাইকেলের তেল শেষ হয়ে গেলে আহত শাহিনুর ও সহকর্মী মনিরা নান্দোপাড়া ধানের মিলের প্রায় ২০০ গজ দক্ষিণে পাকা সড়কের ওপর অবস্থান নেন, এবং দুর্গাপুর ব্রাঞ্চ অফিসে তেল আনার জন্য যোগাযোগ করেন। এসময় একটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত দুই অজ্ঞাত ব্যক্তি সেখানে এসে তাদের ছবি তুলতে থাকে।
ছবি তোলায় আপত্তি জানালে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মোটরসাইকেলের ব্যাগ থেকে চাপাতি বের করে শাহিনুর রহমানের ডান হাতের বাহু ও বাম হাতের আঙুলে আঘাত করে গুরুতর জখম করে। পরে সহকর্মী মনিরার কাছে থাকা কিস্তির সংগ্রহ করা আনুমানিক এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত শাহিনুরকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চানন্দ সরকার বলেন, “খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আহত এনজিও কর্মীকে উদ্ধার করে চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত ছিনতাই বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”