× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ২৫

ঝিনাইদহ প্রতিবেদক

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬ ১৫:৩৮ পিএম

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬ ১৬:০৩ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মোহন শেখ (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের খালপাড়ায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত মোহন শেখ ওই গ্রামের মৃত মোতলেব শেখের ছেলে। এ সময় বেশ কিছু বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মাজেদ বিশ্বাস, আব্বাস, লিঙ্কন, ইসহাক, আমিরুল, সাব্বির, মোশারফ, আসিক, মিন্টু শেখ, ফরিদুল, আসাদুল, শাকিল, আসাদ বিশ্বাস, ওয়াসিম, পিকুল শেখ, আরব আলী, হৃদয়, ও আশিকুজ্জামানসহ অন্যদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাহিদ চৌধুরী এবং শৈলকুপা উপজেলা যুবদলের সদস্য সচিব আবুল বাশার তরিকুল সাদাতের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত বুধবার সন্ধ্যায় জাহিদের এক সমর্থককে মারধর করে সাদাতের অনুসারীরা। এরই জেরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মোহন শেখ নিহত হন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাহিদ এমরান তন্নি জানান, মোহন শেখকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে গুরুতর আহত আব্বাস শেখের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে।

নিহতের স্বজন তোফাজ্জল হোসেন অভিযোগ করে বলেন, ‍“রাজনৈতিক বিরোধের জেরে মোহন শেখকে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। তিনি একজন সাধারণ কৃষক ছিলেন”। 

জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাহিদ চৌধুরীও একই দাবি করে বলেন, তার সমর্থক মোহন শেখকে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

তবে অভিযোগের বিষয়ে জানতে শৈলকুপা উপজেলা যুবদলের সদস্য সচিব আবুল বাশার তরিকুল সাদাতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে সাড়া পাওয়া যায়নি।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, “আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা