বান্দরবান প্রতিবেদক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬ ১২:১২ পিএম
বান্দরবান সদরের টংকাবতি ইউনিয়নে বুধবার ছয় রাবার শ্রমিক অপহরণ হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বান্দরবানে ছয় রাবার শ্রমিককে অপহরণের পর ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে বান্দরবান সদর উপজেলার টংকাবতি ইউনিয়নের হাতিরডেরা এলাকার ইসমাইলের রাবার বাগানে এই ঘটনা ঘটে।
অপহৃতরা হলেন, নুরুল আফসার (১৯) মো. আরাফাত (২২), ইসমাইল (২৪), করিম উল্ল্যাহ (২৬), রমিত (২৯) ও সাকিব (১৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই শ্রমিকরা ইসমাইলের রাবার বাগানে কাজ করে আসছিলেন। প্রতিদিনের মতো গতকালও কাজ শেষে শ্রমিকরা বাগান ঘরে অবস্থান করেছিলেন। হঠাৎ রাত সাড়ে ১১টার দিকে অস্ত্র ও মুখোশ পরিহিত অবস্থায় অপহরণকারীরা এসে মারধর করে তাদেরকে চোখ বেঁধে অপহরণ করে নিয়ে যায়। পরে বাগান মালিক ইসমাইলের কাছ থেকে তাদের মুক্তিপণ বাবদ ২০ লাখ টাকা দাবি করেন।
রাবার বাগানের মালিক ইসমাইল বলেন, গতকাল রাতে শ্রমিকদের অপহরণের পর অপহরণকারীরা যোগাযোগ করে মুক্তিপণ বাবদ ২০ লাখ টাকা দাবি করেছে। মুক্তিপণ না দিলে অপহৃত শ্রমিক ও তাকে হত্যার হুমকি দিয়েছে বলে জানান তিনি।
টংকাবতী ইউপি চেয়ারম্যান মায়াং ম্রো প্রদীপ বলেন, গতকাল রাতে ছয় রাবার শ্রমিককে অপহরণ করে নিয়ে যাওয়ার বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করা হয়েছে।
টংকাবতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুদীপ বড়ুয়া বলেন, অপহরণের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়েছে। তাদের উদ্ধারে অভিযান চলমান।
এর আগে মঙ্গলবার রাতে নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউপির আলিক্ষ্যং এলাকার আব্দুল করিম বান্টুর রাবার বাগান থেকে ৩ শ্রমিককে অপহরণ করা হয়েছিল। পরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে তাদের উদ্ধার করা হয়।