জয়পুরহাট প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬ ২২:০৭ পিএম
প্রতীকী ছবি
জয়পুরহাটের পাঁচবিবিতে পুকুরের পানিতে ডুবে দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে।
উপজেলার আটাপুর ইউনিয়নের মাঝিনা গ্রামে বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ওই গ্রামের মো. এনামুল হকের ছেলে হোসেন (১১) ও রহমত (৮)। হোসেন মাঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এবং রহমত একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “মাঝিনা গ্রামে যে দুই শিশু পানিতে ডুবে মারা গেছে, তারা আপন ভাই। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।"
স্বজনদের বরাতে তিনি জানান, বুধবার স্কুল ছুটি হওয়ার পর হোসেন ও রহমত বাড়িতে আসে। এরপর তারা দুই ভাইসহ মোট চার সহপাঠী মিলে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে দুই ভাই পানিতে তলিয়ে যায়। তাদের সঙ্গে থাকা চাচাতো ভাই আল ইমরান কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে চিৎকার করে এবং বাড়িতে খবর দেয়।
খবর পেয়ে এনামুল হক ও স্থানীয়রা দ্রুত পুকুরে নেমে তল্লাশি শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর দুই ভাইকে পানি থেকে উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের পেট থেকে পানি বের করে দ্রুত দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. মিঠু সরকার বলেন, “সন্ধ্যায় জরুরি বিভাগে হোসেন ও রহমত নামে পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে নিয়ে আসা হয়েছিল। স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।"