যশোর প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬ ১৯:২৯ পিএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৬ ২০:৩৯ পিএম
যশোরে ঝুমঝুমপুর তারাগঞ্জ এলাকায় বুধবার ভোরে অবৈধ স্বর্ণসহ এক ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
যশোরে এক কোটি ৯৩ লাখ টাকা সমমূল্যের ৯০০ গ্রাম ওজনের স্বর্ণের বারসহ ওয়াজিদ আলী আমিন আহমেদ (৩১) নামের এক ভারতীয় নাগরিক আটক হয়েছে।
জেলার ঝুমঝুমপুর তারাগঞ্জ এলাকায় বুধবার ভোরে একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে স্বর্ণসহ তাকে আটক করে যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ন ।
ওয়াজিদ ভারতের মুম্বাই ভিওয়ান্দি এলাকার আমিন আহমেদ আনসারীর ছেলে।
এসময় স্বর্ণ ছাড়াও তার কাছ থেকে দিরহাম, আজারবাইজানের মানাত, রুপি ও কিছু টাকা উদ্ধার করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান (পিএসসি) বলেন, “আটক ওয়াজিদ আলী আমিন আহমেদ ভ্রমণের ছদ্মবেশে স্বর্ণ পাচার করে আসছিলেন। তিনি ২০২৪ সাল হতে বেশ কয়েকবার মধ্যপ্রাচ্য-মিশর-বাংলাদেশ হয়ে ভারতে গমনাগমন করেন।”
তিনি আরও বলেন, “তিনি সোমবার ভারতের মুম্বাই থেকে বিমানযোগে দুবাই গমন করেন। পরবর্তীতে দুবাই থেকে ঢাকা, এবং সড়ক পথে ঢাকা থেকে সাতক্ষীরা হয়ে ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়। তার বিরুদ্ধে স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা পাচারের মামলা দিয়ে যশোর কোতয়ালী থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে, এবং উদ্ধারকৃত স্বর্ণ যশোর ট্রেজারীতে জমা দেওয়া হয়েছে।”