কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬ ১৭:২৮ পিএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৬ ১৯:৪০ পিএম
প্রতীকী ছবি
মৌলভীবাজারের কমলগঞ্জে নেশা করার সময় দেখে ফেলায় মাদকাসক্ত হেলিম মিয়ার ছুরিকাঘাতে বকুল বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।
উপজেলার রহিমপুর ইউনিয়নে বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- নিহতের জামাতা অদুদ মিয়া, হামলাকারীর ভাতিজা আমিনুল ইসলাম, স্থানীয় কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয় জামে মসজিদের মুয়াজ্জিন সাইদুল ইসলাম। এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক আরও একজন আহত হন।
এ ঘটনার পর স্থানীয়রা হেলিম মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে নিজ ঘরে নেশা করছিলেন হেলিম মিয়া। এ সময় ঘরের পাশ দিয়ে যাওয়ার পথে তার ভাতিজা আমিনুল উঁকি দিয়ে তাকে নেশা করতে দেখে ফেলেন। এতে ক্ষিপ্ত হয়ে হেলিম ধারালো ছুরি নিয়ে আমিনুলকে ধাওয়া করেন। আত্মরক্ষার্থে আমিনুল পাশের বাড়ির বকুল বেগমের ঘরে আশ্রয় নিলে তিনি তাকে রক্ষার চেষ্টা করেন। এ সময় হেলিম আমিনুল ও বকুল বেগম দুই জনকেই ছুরিকাঘাত করেন।
তাদের বাঁচাতে বকুল বেগমের জামাতা অদুদ মিয়া ও আমিনুলের ভাই সাইদুল ইসলাম এগিয়ে এলে হেলিম তাদেরকেও ছুরিকাঘাত করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই বকুল বেগম মারা যান।
পরে স্থানীয় লোকজন হেলিমকে আটক করে গণপিটুনি দিয়ে মুন্সীবাজারে বেঁধে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
এদিকে আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অদুদ মিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। অন্য আহতদের মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কমলগঞ্জ থানার ওসি বলেন, “হেলিমকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।”