সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬ ১৪:৩২ পিএম
সিংগাইর উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মঙ্গলবার চলমান এসএসসি পরীক্ষা পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় আকস্মিক এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সিংগাইর উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয় ও শাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মঙ্গলবার দুপুরে উপস্থিত হয়ে চলমান এসএসসি পরীক্ষা পরিদর্শন করেন তিনি।
তার এ আকস্মিক উপস্থিতিতে কেন্দ্র সংশ্লিষ্টদের মধ্যে কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি হলেও দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়।
পরিদর্শনকালে তিনি বিভিন্ন পরীক্ষা কক্ষ ঘুরে দেখেন এবং পরীক্ষার সার্বিক পরিবেশ, শৃঙ্খলা ও নকলমুক্ত অবস্থা নিশ্চিত করার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি কেন্দ্র সচিব, শিক্ষক ও দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
মন্ত্রী বলেন, “সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে।”
তিনি দায়িত্বে অবহেলা না করতে সংশ্লিষ্টদের প্রতি কঠোর নির্দেশনা প্রদান করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি, থানার অফিসার ইনচার্জ মো. মাজহারুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।