টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬ ১৪:১৩ পিএম
টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের দুর্গম পাহাড় থেকে মঙ্গলবার রক্তাক্ত ৩ জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের দুর্গম পাহাড় থেকে রক্তাক্ত ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার উত্তর শীলখালী এলাকার পাহাড়ি অঞ্চল থেকে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, রুহুল আমিনের ছেলে রবি আলম, নুরুল কবিরের ছেলে মুজিব উল্লাহ এবং নুরুল ইসলামের ছেলে নুরুল বশর প্রকাশ হালানি। তিন জনই বাহারছড়া শীলখালী গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় অপর দুজনকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে তারা মারা যান।
পুলিশ ও স্থানীয়দের দেওয়া তথ্য মতে, নিহত ৩ জন চিহ্নিত ডাকাত ও মানবপাচারকারী চক্রের সদস্য।
বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, “পাহাড়ি এলাকা থেকে তিনজনের মরদেহ উদ্ধার হয়েছে। তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত ও মাথায় জখমের চিহ্ন পাওয়া গেছে।”
নিহত রবিউল আউয়ালের বাবা রুহুল আমিন জানান, “রাতে মুজিব আমার ছেলেকে ডেকে নিয়ে যায়। সকালে খবর পেয়ে পাহাড়ে গিয়ে ছেলেকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই।”
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “পাহাড় থেকে রক্তাক্ত অবস্থায় তিন জনকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপহরণ ও মানব পাচারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”
ওসি জানান, স্থানীয়দের কাছ থেকে জানা গেছে নিহতদের বিরুদ্ধে অপহরণ ও মানব পাচারের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তবে এসব তথ্য যাচাই-বাছাই করে দেখা হচ্ছে এবং ঘটনার সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।