দিনাজপুর প্রতিবেদক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬ ১১:৫৪ এএম
দিনাজপুরে রবিবার বসতবাড়িতে আগুন লেগে দম্পতির মৃত্যু হয়। ছবি: ভিডিও থেকে নেওয়া
দিনাজপুরে একটি বসতবাড়িতে মধ্যরাতে রহস্যজনকভাবে আগুন লেগেছে। আগুনে বাড়ির মালিক এবং তার স্ত্রী দগ্ধ হয়ে মারা গেছেন।
দিনাজপুর শহরের সুইহারি আশ্রমপাড়া এলাকায় রবিবার দিনগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সুইহারি আশ্রমপাড়া এলাকার বাসিন্দা তপন রায় (৫০) ও তার স্ত্রী লতা রানী (৪২)।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের বরাত দিতে পুলিশ জানিয়েছে, রবিবার দিনগত রাত সোয়া ১২টার দিকে তপন রায়ের বাড়িতে আগুন দেখতে পান প্রতিবেশীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুড়ে যাওয়া ঘর তল্লাশি করতে গিয়ে মেঝেতে দেখতে পায় ওই দম্পতির মরদেহ পড়ে আছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে ফায়ার সার্ভিস বা এলাকাবাসী তাতক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি।
দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দম্পতির মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে বাড়িতে আগুনের প্রকৃত উৎস কী এবং দম্পতি কীভাবে মারা গেলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্ত শেষে প্রকৃত বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।