মেহেরপুর প্রতিবেদক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬ ০৯:৪১ এএম
আপডেট : ২০ এপ্রিল ২০২৬ ১১:১৯ এএম
বিএনপি নেতাকে গুলির ঘটনায় সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। ছবি: ভিডিও থেকে নেওয়া
মেহেরপুরের গাংনী উপজেলায় এক ইউনিয়ন বিএনপি নেতার বুকে ও পিঠে অন্তত পাঁচটি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।
তাকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উপজেলার কাথুলী সড়কের সাহারবাটি ও ভাটপাড়ার মাঝামাঝি কাশেম মোড় নামক স্থানে সোমবার ভোর ৫টার দিকে এই গুলির ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মুকুল হোসেন সাহারবাটি ইউনিয়ন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাহারবাটি গ্রামের নেক মহাম্মদের ছেলে।
স্থানীয় কয়েকজন জানান, ভোরের দিকে বেশ কয়েকটি গুলির আওয়াজ শুনতে পেয়ে ঘটনাস্থলে যান তারা। সেখানে তারা হোসেনকে মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়।
তারা জানান, মুকুল হোসেনের ওপর এর আগেও দুই দফায় হামলা চালিয়েছিল দুর্বৃত্তরা।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ওমর আলী বলেন, আজ ভোর ৫টা ২০ এর দিকে মুকুল হোসেনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার বুকে এবং পিঠে বেশ কয়েকটি গুলির ক্ষতচিহ্ন ছিল। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি।
ঘটনার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থল থেকে গুলির পাঁচটি খোসা উদ্ধার করেছে পুলিশ।
ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস।
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাসান অপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি, তদন্ত চলমান, বেশ কিছু তথ্য আমরা পেয়েছি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।