× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর আগমনে উৎসবের আমেজ, অন্তহীন প্রত্যাশা

অরূপ রতন, বগুড়া

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬ ০৮:৫৫ এএম

আপডেট : ২০ এপ্রিল ২০২৬ ০৮:৫৫ এএম

দেড়শ বছরের প্রাচীন বগুড়া পৌরসভা আজ হয়ে যাচ্ছে বগুড়া সিটি করপোরেশন। দেশের প্রধানমন্ত্রী, বগুড়ার ছেলে এই মানোন্নয়নের পালা উদ্বোধন করবেন আজ। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

দেড়শ বছরের প্রাচীন বগুড়া পৌরসভা আজ হয়ে যাচ্ছে বগুড়া সিটি করপোরেশন। দেশের প্রধানমন্ত্রী, বগুড়ার ছেলে এই মানোন্নয়নের পালা উদ্বোধন করবেন আজ। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

উত্তরের প্রাণকেন্দ্র বগুড়া যেন এই কদিনে বদলে গেছে। দীর্ঘ সময় পর বড় ধরনের সরকারি সফর ঘিরে শহরজুড়ে তৈরি হয়েছে প্রত্যাশা, কৌতূহল আর প্রস্তুতির ব্যস্ততা। শিল্প শহর বগুড়াকে স্থানীয় লোকেরা বগুড়া টাউন নামে ডেকে থাকে। সেই টাউন আজ থেকে সিটি হচ্ছে, শহর হয়ে যাচ্ছে নগরী। দেড়শ বছরের প্রাচীন বগুড়া পৌরসভা আজ হয়ে যাচ্ছে বগুড়া সিটি করপোরেশন। দেশের প্রধানমন্ত্রী, বগুড়ার ছেলে এই মানোন্নয়নের পালা উদ্বোধন করবেন আজ।

আলতাফুন্নেছা খেলার মাঠ এখন এই প্রস্তুতির কেন্দ্রবিন্দু। মাঠের চারপাশে টানানো হচ্ছে ব্যানার। শুধু এই মাঠ নয়, শহরের প্রধান সড়কগুলোতেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

পৌর ভবনকে সাজানো হচ্ছে নতুন করে, যেন একটি প্রশাসনিক পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে শেষবারের মতো নিজেকে গুছিয়ে নিচ্ছে। সার্কিট হাউসেও চলছে ধোয়া-মোছা আর রঙের কাজ। বিভিন্ন মোড়ে তোরণ, ব্যানার আর আলোকসজ্জায় শহর পেয়েছে এক বর্ণিল রূপ।

এই পরিবর্তনের পেছনে রয়েছে একটি বড় দিন। আজ সোমবার বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী। দিনব্যাপী সফরে তিনি সিটি করপোরেশনের ফলক উন্মোচনসহ একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন এবং বিকালে এই আলতাফুন্নেছা মাঠেই ভাষণ দেবেন।

সফরসূচি অনুযায়ী, সকাল ৬টায় ঢাকা থেকে সড়কপথে রওনা হয়ে সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউসে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর আইনজীবী সমিতির নতুন ভবন এবং ই-বেইলবন্ড কার্যক্রম উদ্বোধন করবেন। বেলা সাড়ে ১১টায় বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে নতুন এই নগর প্রশাসনের।

এরপর সফর যাবে গাবতলীর দিকে। বাগবাড়ীতে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন, শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ এবং নশিপুরে খাল খনন প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি পরিদর্শন। বিকালে শহরে ফিরে জনসভা, তারপর আরও কয়েকটি স্থাপনার উদ্বোধন শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।

তবে এই সফর শুধু একটি কর্মসূচির তালিকা নয়। বগুড়ার মানুষের কাছে এটি অনেক বড় কিছুর প্রতীক। দীর্ঘদিন ধরে সিটি করপোরেশন ঘোষণা, একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় এবং স্থবির হয়ে থাকা বিমানবন্দর চালুর দাবি রয়েছে এখানে। 

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, বিমানবন্দর চালু হলে কৃষিপণ্য পরিবহন সহজ হবে, শিল্প খাতেও গতি আসবে। শিক্ষার্থীদের আশা, বিশ্ববিদ্যালয় হলে আর বাইরে যেতে হবে না। কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে। শহরের চায়ের দোকান থেকে শুরু করে গ্রামীণ হাটÑ সব জায়গাতেই এখন আলোচনার বিষয় একটাই, বগুড়ার ভবিষ্যৎ।

সদর উপজেলার কৃষক আবদুল হাকিম বলেন, আমাদের সবজি আর ধান ভালো হয়। কিন্তু বাজারজাত করতে সময় লাগে, দামও ঠিকমতো পাই না। যদি পরিবহন ভালো হয়, তাহলে আমরা বেশি লাভবান হতে পারব।

সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী সাদিয়া রহমান বলেন, উচ্চশিক্ষার জন্য ঢাকায় বা অন্য শহরে যেতে হয়। এতে খরচ বেশি, অনেকের পক্ষে সম্ভব হয় না। বগুড়ায় একটি ভালো বিশ্ববিদ্যালয় হলে এখানকার শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ তৈরি হবে।

শহরের প্রবীণ বাসিন্দা হাফিজার রহমান বলেন, অনেক দিন ধরে শুনছি উন্নয়নের কথা। এবার যদি সত্যিই কাজগুলো হয়, তাহলে বগুড়ার চেহারা বদলে যাবে।

বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, ‘দীর্ঘদিন পর প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে জেলাজুড়ে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা