নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬ ১৪:৫৬ পিএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৬ ১৪:৫৯ পিএম
একসঙ্গে দুই ভাইয়ের মৃত্যুতে স্বজনদের আহাজারি। ছবি: ভিডিও থেকে নেওয়া
নারায়ণগঞ্জ শহরের জল্লারপাড় সিটি পার্ক লেক থেকে আল আমিন (১০) ও ইব্রাহিম (৮) নামের দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে স্থানীয়রা লেক থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
মৃত দুই শিশু সিরাজগঞ্জ জেলার দত্তকান্দি গ্রামের রিকশাচালক শাহ আলমের ছেলে। তারা নারায়ণগঞ্জের কাশিপুর খিলমার্কেট এলাকায় আলমাস মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
শিশুদের বাবা-মা জানান, শুক্রবার বিকালে দুই ভাই লেকের সামনে মেলায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। এরপর আর তারা বাড়িতে ফেরেনি। রাতে অনেক খোঁজাখুঁজির পর লেকের পাশে তাদের পাঞ্জাবি ও জুতা দেখতে পেয়ে সন্দেহ হয়।
পরে পানিতে নেমে খোঁজাখুঁজি করে প্রথমে আল আমিন এবং পরে ইব্রাহিমের মরদেহ পাওয়া যায়। তাদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।