মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬ ১৯:৪৫ পিএম
কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম শুক্রবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রকল্পের উদ্বোধন করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেডিক্যাল কলেজের পরিচালক ডা. জেহাদ খান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উদ্যোগে শহরতলির মারিয়ায় “মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা”—প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম শুক্রবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রকল্পের উদ্বোধন করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেডিক্যাল কলেজের পরিচালক ডা. জেহাদ খান।
এ সময় বর্জ্য বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা. নূরুন্নাহার আফরিন। বক্তব্য রাখেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ কে নাসিম খান, খিদমা বেসরকারি হাসপাতালের পরিচালক ডা. আবদুল মজিদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মাজহারুল ইসলাম বলেন, আমাদের জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু হলো মেডিক্যাল বর্জ্য, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার বা চিকিৎসা কার্যক্রম থেকে উৎপন্ন সব ধরনের বর্জ্য। সাধারণত হাসপাতাল ও ক্লিনিকে ব্যবহৃত সিরিঞ্জ, রক্তমাখা ব্যান্ডেজ, অপারেশনের বর্জ্য, রাসায়নিক পদার্থ ইত্যাদি।
তিনি আরও বলেন, এই বর্জ্যগুলো যদি সঠিকভাবে ব্যবস্থাপনা না করা হয়, তাহলে তা মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। দুঃখজনকভাবে, আমাদের দেশে এখনো অনেক ক্ষেত্রে মেডিক্যাল বর্জ্য খোলা জায়গায় ফেলে রাখা হয় বা সাধারণ বর্জ্যের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। এতে শুধু স্বাস্থ্যকর্মী নয়, পথশিশু, বর্জ্য সংগ্রহকারী এবং সাধারণ মানুষও ঝুঁকির মধ্যে পড়ে।
কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বলেন, কিশোরগঞ্জ শহরেই ৭৮ ছোট বড় হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এসব থেকে বর্জ্য ব্যবস্থাপনার জন্য আজকে যে প্রকল্পটির উদ্বোধন করা হয়েছে তা খুবই প্রশংসার দাবি রাখে। আমি প্রয়োজনে এ নিয়ে সংসদে কথা বলবো এবং এমন ভালো কাজে আন্তরিকভাবে সহযোগিতা করবো।