ঝিনাইদহ প্রতিবেদক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬ ১৮:৪৫ পিএম
সংঘর্ষের ঘটনায় আহতদের শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঝিনাইদহের শৈলকুপায় দোকানে চা পান করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন।
শৈলকুপার পৌর খালধারপাড়া এলাকায় শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। আহতদের শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা এই তথ্য জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ওই গ্রামের রিপন হোসেন সকালে গ্রামের শাহজাহানের দোকানে চা পান করতে যায়। পূর্বের বাকি থাকা টাকা না দেওয়ায় নতুন করে বাকিতে চা দিতে অস্বীকার করেন দোকানী শাহজাহান। এ নিয়ে রিপন ও শাহজাহানের মধ্যে তর্ক-বির্তক শুরু হয়, যা এক পর্যায়ে হাতাহাতিতে গড়ায়। এরই জের ধরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে রিপন হোসেন, আব্দুর রাজ্জাক, জামাল হোসেন, কামাল, রুবেল হোসেন, জালাল শেখ, শফিকুর, নায়েব আলী, ঝন্টুসহ অন্তত ১২ জন আহত হন।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুব আলম পারভেজ বলেন, “সংঘর্ষের ঘটনায় আহত রোগীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে”।
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, “বাকিতে চা বিক্রি না করা নিয়ে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে”।