গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬ ১৭:৫০ পিএম
পদ্মা নদীতে ধরা পড়া দুটি বিশাল আকৃতির কাতল মাছ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা পড়া দুটি বিশাল আকৃতির কাতল মাছ নিলামে বিক্রি হয়েছে ৯১ হাজার ৫০০ টাকায়।
দৌলতদিয়া মাছ বাজারে শুক্রবার সকালে এই মাছ দুটি বিক্রি হয়।
জানা গেছে, জেলে এরশাদ হলদার ও জীবন হলদার তাদের সহযোগীদের নিয়ে পদ্মা ও যমুনা নদীর মোহনায় পৃথক স্থানে জাল ফেলেন। ভোরে তাদের জালে এ দুটি বড় কাতল মাছ ধরা পড়ে।
পরে মাছ দুটি দৌলতদিয়া মাছ বাজারে এনে ওজন করা হলে একটির ওজন দাঁড়ায় ২৮ কেজি ৫০০ গ্রাম এবং অন্যটির ওজন ১৮ কেজি। উন্মুক্ত নিলামে বড় কাতলটি কেজি প্রতি ২ হাজার ২০০ টাকা দরে ৬২ হাজার ৭০০ টাকায় এবং অপরটি কেজি প্রতি ১ হাজার ৬০০ টাকা দরে ২৮ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়। সব মিলিয়ে মাছ দুটির মোট মূল্য দাঁড়ায় ৯১ হাজার ৫০০ টাকা।
দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ নিলামে মাছ দুটি কিনেছেন। তিনি জানান, অল্প লাভে বিক্রির জন্য ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে অনলাইনে ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, পদ্মা নদীতে পানি কমে যাওয়ায় জেলেদের জালে বড় বড় বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। খুশির খবর হলো বিশাল আকৃতির কাতলসহ অন্যান্য প্রজাতির মাছ আমাদের এই অঞ্চলে এখনো রয়েছে।