লামা-আলীকদম (বান্দরবান) প্রতিবেদক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬ ২০:১৩ পিএম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৬ ২২:০৬ পিএম
মাতামুহুরী নদীর পাড়ের ভিড় করছেন আশেপাশের লোকজন, ইনসেটে নদীতে ডুবে মারা যাওয়া শিক্ষার্থী আব্দুল ওয়াদুদ সায়েমের মরদেহ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চট্টগ্রাম মেডিক্যাল কলেজের শিক্ষার্থী আব্দুল ওয়াদুদ সায়েমের (২১) মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজের প্রায় ছয় ঘণ্টা পর সন্ধ্যা ৭টায় ঘটনাস্থলের প্রায় ৪০ ফুট পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। লামা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “ঘটনার পরপরই দুপুর ১টা থেকে লামা ফায়ার সার্ভিসের টিম উদ্ধার অভিযান শুরু করে। তারা ব্যর্থ হলে চট্টগ্রাম থেকে ডুবুরি টিমকে খবর দেওয়া হয়। সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম থেকে আসা ডুবুরি টিম নিখোঁজ সায়েম এর মরদেহ ঘটনাস্থলে প্রায় ৪০ ফুট পানির নিচ থেকে উদ্ধার করে”।
এর আগে, দুপুর ১২টায় বন্ধুদের সাথে গোসলে নেমে পানিতে তলিয়ে যায় সায়েম।
নিহত সায়েম চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাকখালী কদল ভূঁইয়ার বাড়ি এলাকার মো. সাইফুল্লাহর ছেলে। সে সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের ১ম বর্ষের ছাত্র এবং বাবা-মায়ের একমাত্র সন্তান।
লামা থানা পুলিশের উপ-পরিদর্শক মো. নাজমুল কবির বলেন, “নিহতের মরদেহ সন্ধ্যা ৭টায় নদী থেকে উদ্ধার করা হয়। পরে লামা থানায় আনা হলে কারও অভিযোগ না থাকায় নিহতের পিতা মো. সাইফুল্লাহর কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে”।