কুমিল্লা অফিস
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬ ১৮:০৩ পিএম
সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ছবি: ভিডিও থেকে
কুমিল্লা–সিলেট মহাসড়কে ঘনঘন সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় দ্রুত সড়কটি প্রশস্ত করার দাবি জানিয়েছেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
জাতীয় সংসদের অধিবেশনে বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজের বিরতির পর সংসদে ফ্লোর নিয়ে বক্তব্য রাখেন তিনি।
এ সময় আবেগঘন কণ্ঠে বলেন, “আমি এই সংসদের কাছে ভিক্ষা চাই- রাস্তাটি দ্রুত প্রশস্ত করার ব্যবস্থা করুন। এতে ১০ লাখ মানুষের প্রাণ বাঁচবে”।
জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমি এলাকায় মুখ দেখাতে পারি না, এলাকার মানুষ আমাকে এখন বেঁধে রাখবে”।
সংসদ সদস্য জানান, তিনি বক্তব্য দেওয়ার কিছুক্ষণ আগেই ওই সড়কে আরও তিনজন নিহত হয়েছেন। বিশেষ করে দেবিদ্বার এলাকায় দুর্ঘটনা যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। শুধু চলতি মাসেই এই মহাসড়কে ২৩ জন প্রাণ হারিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
সড়কটির বর্তমান প্রস্থ মাত্র ১৮ ফুট উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, “দেশের দুইটি বিভাগীয় শহরকে সংযুক্ত করা কোনো সড়কের এমন সংকীর্ণতা নজিরবিহীন। চট্টগ্রাম থেকে সিলেটগামী যানবাহনের জন্য এটি কার্যত একমাত্র সড়ক, যেখানে প্রতিদিন প্রায় ১০ লাখ মানুষের চলাচল হয়”।
তিনি আরও বলেন, “সড়কটি ছয় লেনে উন্নীত করার পরিকল্পনা থাকলেও দীর্ঘদিন ধরে তা বাস্তবায়ন হচ্ছে না। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে ‘প্রশাসনিক জটিলতা’র কথা বলা হয়”।
গত ১২ বছরেও দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় তিনি বিষয়টি নিয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন হাসনাত আবদুল্লাহ।
এ সময় অধিবেশনে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার কায়সার কামাল সংসদ সদস্যকে সংশ্লিষ্ট বিধিতে নোটিশ দেওয়ার পরামর্শ দেন।
তিনি বলেন, “এটাই সবচেয়ে যথাযথ পদ্ধতি। তখন মাননীয় মন্ত্রী বিষয়টি নিয়ে জবাব দেবেন এবং কার্যপ্রণালি অনুযায়ী তা নিষ্পত্তি হবে”।