× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় ‘তেল নেই’ লেখা গুদামে ৪০০০ লিটার ডিজেল

বগুড়া অফিস

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬ ১৫:০৪ পিএম

আপডেট : ১৬ এপ্রিল ২০২৬ ১৫:০৫ পিএম

সারিয়াকান্দি উপজেলায় বুধবার একটি গুদাম থেকে ৪০০০ লিটার ডিজেল জব্দ করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সারিয়াকান্দি উপজেলায় বুধবার একটি গুদাম থেকে ৪০০০ লিটার ডিজেল জব্দ করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ‘তেল নেই’ লেখা একটি গুদামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা প্রায় চার হাজার লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ।

উপজেলার পৌর এলাকার টিপুর মোড় সংলগ্ন দক্ষিণ হিন্দুকান্দি এলাকায় লোপা এন্টারপ্রাইজের গুদামে বুধবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কোনো লাইসেন্স বা সরকারি অনুমোদন ছাড়াই খোলা বাজারে খুচরা ডিজেল, পেট্রল ও অকটেন বিক্রি করে আসছিলেন লোপা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী লোকমান হাকিম। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক প্রেক্ষাপটে তেলের বাজার অস্থির হয়ে উঠলে তিনি বিক্রি বন্ধ রেখে মজুত শুরু করেন বলে অভিযোগ রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ সুমাইয়া ফেরদৌস। এ সময় সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে গুদামের ভেতরে থাকা কয়েকটি ড্রাম এবং একটি তেলের লরির ট্যাংকি থেকে আনুমানিক চার হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। অভিযানের সময় ব্যবসায়ী লোকমান হাকিম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। অভিযানের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান বলে জানায় প্রশাসন। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গুদাম ও দোকান সিলগালা করা হয়।

তবে নিজের অবস্থান ব্যাখ্যা করে লোকমান হাকিম দাবি করেন, চরাঞ্চলে চলমান কয়েকটি নির্মাণকাজের জন্য তিনি এসব তেল সংরক্ষণ করেছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সুমাইয়া ফেরদৌস বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ডিজেল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে জব্দ করা তেল টিপুর মোড় এলাকায় সরকারি নির্ধারিত মূল্যে কৃষক ও সাধারণ মানুষের মধ্যে বিক্রি করা হচ্ছে। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

তিনি আরও বলেন, বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে যারা অবৈধভাবে জ্বালানি তেল মজুত করছেন, তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা