গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬ ১১:২৬ এএম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৬ ১১:৪০ এএম
ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের নিহত কর্মচারী শফিকুল ইসলাম। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে শফিকুল ইসলাম (৫২) নামে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ঔষধ কারখানার এক কর্মচারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শফিকুল ইসলাম বুলবুলের বাড়ি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম গ্রামে।
দীর্ঘদিন ধরে তিনি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালে প্রডাকশন এটেনডেন্স হিসাবে কাজ করতেন। এবং তিনি আনসার অ্যাকাডেমি তিন নাম্বার গেইটে এলাকায় একতা টাওয়ারের নিজ ফ্ল্যাটে বসবাস করতেন বলে জানা যায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে আনসার অ্যাকাডেমি লেকের পাড়ে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায় এলাকাবাসী।পরে পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে।
এদিকে সোশ্যাল মিডিয়ায় নিহতের খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজনরা ও তার সহকর্মীরা থানায় এসে নিহতের পরিচয় শনাক্ত করেন। নিহতের শরীরের বাম উরুতে আঘাতের চিহ্ন রয়েছে।
স্ত্রীকে আনতে গিয়ে ফেরা হলো না
পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাত দশটায় স্ত্রীকে কারখানা থেকে আনতে বাসা থেকে বের হন যায় শফিকুল। তবে ছুটি শেষে স্বামীকে না পেয়ে একাই বাসায় ফেরেন নিহত শফিকুলের স্ত্রী।
রাত অনেক হলেও শফিকুল বাসায় না ফেরায় তার স্ত্রী ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে সোশ্যাল মিডিয়ার বরাতে লাশের খবর পেয়ে বৃহস্পতিবার সকালে থানায় গিয়ে মরদেহটি শনাক্ত করেন তারা।
এ বিষয়ে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল কারখানার সহকারী ব্যবস্থাপনা পরিচালক রোকনউদ্দিন খান জানান, বুধবার রাত সাড়ে আটটার দিকে তিনি কারখানায় ডিউটি শেষে বাড়িতে ফিরে যান। এরপর রাতেই জানতে পারি তাকে পাওয়া যাচ্ছে না।
সকালে একটি মরদেহ পাওয়া গেছে জানতে পেরে থানায় এসে তার (শফিকুল) পরিচয় শনাক্ত করেন বলেও তিনি জানান।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি জানান, শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।