চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬ ১০:৫৬ এএম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৬ ১১:২৯ এএম
চুয়াডাঙ্গায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে এক ইউপি সদস্যকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের আমিরপুর গ্রামে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় মোবাইল কোর্টের মাধ্যমে এক ইউপি সদস্যকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত শাহিনুর ইসলাম মোমিনপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য।
জেলার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে এই অভিযান পরিচালনা করেন। এ সময় সদর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযানকালে তার বাড়িতে পাঁচ ব্যারেল (প্রায় ১ হাজার লিটার) ডিজেল অবৈধভাবে মজুদ অবস্থায় পাওয়া যায়। এ সময় তিনি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রির অভিযোগও স্বীকার করেন।

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে প্রায় ১ লাখ টাকা মূল্যের ডিজেলও জব্দ করা হয় বলেও জানান তারা।
তারা আরও জানান, উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি ইউনিয়ন পরিষদের সদস্য হওয়ায় তার বিরুদ্ধে স্থানীয় সরকার সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থাও গ্রহণ করা হবে। যা বর্তমানে প্রক্রিয়াধীন।