জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় জুয়া ছেড়ে দিতে জাহিদুল ইসলাম নামের এক যুবক প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করেছেন।
উপজেলার বালিঘাটা ইউনিয়নের গণেশপুর গ্রামের মহীপুর সরকারি কলেজের সামনে বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
তার এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মহীপুর সরকারি কলেজের মূল ফটকের সামনে দাঁড়িয়ে জাহিদুল ইসলাম নিজের গায়ে দুধ ঢালছেন।
এ সময় তিনি বলেন, জুয়া খেলতে গিয়ে তার সংসার ও আর্থিক অবস্থা নষ্ট হয়ে গেছে। তাই তিনি দুধ দিয়ে গোসল করে আজ থেকে জুয়া ছেড়ে দেওয়ার শপথ নিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাহিদুল দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া ও বিভিন্ন ধরনের অবৈধ জুয়ার সঙ্গে যুক্ত ছিলেন। এতে ধীরে ধীরে তার সঞ্চয় ও সম্পদ নষ্ট হয়ে যায়। একপর্যায়ে তিনি চরম আর্থিক সংকটে পড়েন। পরে নিজের ভুল বুঝতে পেরে বুধবার দুপুরে প্রকাশ্যে ২০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া খেলা ছেড়ে দেওয়ার শপথ করেন।
এসময় ঘটনাস্থলে উপস্থিত লোকজনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তার এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। আবার কেউ কেউ এটিকে লোক দেখানো বলেও মন্তব্য করেছেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান বলেন, একজন যুবক দুধ দিয়ে গোসল করে জুয়া ছেড়ে দেওয়ার শপথ নিয়েছেন বলে শুনেছি। জুয়া সম্পূর্ণ অবৈধ। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। কেউ জড়িত থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, পুলিশের মূল লক্ষ্যই হলো অপরাধমুক্ত সমাজ গড়া এবং জনগণকে ভালো রাখা। কোনো অপরাধী যদি নিজের ভুল বুঝতে পেরে সুপথে ফিরে আসতে চায়, তবে তাকে সবসময়ই স্বাগত জানানো হয়।