সাতক্ষীরা প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬ ১৯:১৬ পিএম
সাতক্ষীরার কোনো এক প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে আজ। প্রথম দিনের বাংলা বিষয়ের পরীক্ষায় সাতক্ষীরার সাত উপজেলায় অনুপস্থিত প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থী।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে বুধবার এই তথ্য জানানো হয়েছে। পরীক্ষা শুরু হয়েছে সকাল ১০টা, চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ হাজার ৫০২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৫ হাজার ১৯৮ জন এবং অনুপস্থিত ছিল ৩ হাজার ৩০৪ জন। জেলায় গড় উপস্থিতির হার ৬১.১৪ শতাংশ।
উপজেলাওয়ারী তথ্যে দেখা যায়, তালা উপজেলায় উপস্থিতির হার সবচেয়ে বেশি (প্রায় ৭২.৩৭%)। অন্যদিকে কলারোয়া উপজেলায় উপস্থিতির হার সবচেয়ে কম ছিল। কলারোয়ার দুটি কেন্দ্রে গড় উপস্থিতি ছিল মাত্র ৪০ শতাংশের কাছাকাছি।
প্রতিটি কেন্দ্রে প্রশ্নপত্রের প্যাকেট সঠিকভাবে পাওয়া গেছে এবং পরীক্ষা চলাকালীন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবক ও শিক্ষকরা।
সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন জানান, “জেলায় সুষ্ঠু ও সুন্দর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন হচ্ছে। প্রশ্নপত্রের নিরাপত্তা থেকে শুরু করে কেন্দ্রের শৃঙ্খলা-সবই সন্তোষজনক। তবে অনুপস্থিতির কারণগুলো খতিয়ে দেখা হচ্ছে"।
তিনি আরও জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। চার দিনে বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ে পরীক্ষা নেওয়া হবে।