সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬ ১৫:৫২ পিএম
সোনারগাঁও পৌরসভার জয়রামপুর গ্রামের সিদ্ধেশ্বরী কালীতলার প্রাচীন বটগাছের নিচে মঙ্গলবার থেকে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বউ মেলা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী বউ মেলা।
সোনারগাঁও পৌরসভার জয়রামপুর গ্রামের সিদ্ধেশ্বরী কালীতলার প্রাচীন বটগাছের নিচে মঙ্গলবার থেকে শুরু হয়েছে এই মেলা। শতবর্ষেরও বেশি সময় ধরে আয়োজন হয়ে আসা এই মেলা চলবে আগামী ১৭ এপ্রিল পর্যন্ত।
প্রতি বছরের মতো এবারও পহেলা বৈশাখ উপলক্ষ্যে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী নারীরা বটগাছ তলায় জড়ো হয়ে পূজা-অর্চনায় অংশ নেন। গৃহবধূদের অংশগ্রহণ বেশি হওয়ায় এ মেলার নাম হয়েছে ‘বউ মেলা’। স্থানীয়ভাবে স্থানটি ‘বউতলা’ নামেও পরিচিত।
বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, আশপাশের বিভিন্ন গ্রাম থেকে নারীরা ঝুড়িভর্তি দেশীয় মৌসুমি ফল, কবুতর ও পাঁঠা নিয়ে পূজায় অংশ নিচ্ছেন। ভক্তরা গাছের গোড়ায় ফল, দুধ ও মাটি উৎসর্গ করছেন। প্রথা অনুযায়ী, পরিবারের সদস্যসংখ্যা অনুযায়ী মাটি দেওয়ার পাশাপাশি প্রতিবার একটি করে কড়ি প্রদান করা হয়।
পূজা শেষে ভোগ হিসেবে দেওয়া ফল ভক্তদের মাঝে প্রসাদ হিসেবে বিতরণ করা হয়। স্বামী-সংসারের মঙ্গল ও দাম্পত্য জীবনের স্থায়িত্ব কামনায় নারীরা এই পূজায় অংশ নেন।
মেলায় অংশ নিতে আসা দিপা দাস বর্মন বলেন, “ছোটবেলা থেকে মা-মাসিদের সঙ্গে এ পূজা দেখে আসছি। বিয়ের পর আমিও এ প্রথা অনুসরণ করছি।
কাজল দাস নামে একজন জানান, পরিবারের সবার মঙ্গল এবং স্বামীর সুস্থতা কামনায় তিনি প্রথমবারের মতো মেলায় এসেছেন।
পূজার পাশাপাশি মেলা প্রাঙ্গণে বসেছে নানা পণ্যের দোকান। বাঁশি, কাঠের খেলনা, মৃৎশিল্প, চেয়ার, পিঁড়ি, জলচৌকির পাশাপাশি খই, উড়খা, কদমা, পেঁয়াজু, নিমকি ও জিলাপির মতো ঐতিহ্যবাহী খাবারের দোকানের দেখ মিলেছে।
সিদ্ধেশ্বরী কালী পূজার আয়োজক নিলোৎপল রায় জানান, শত বছরের বেশি সময় ধরে এ পূজা ও মেলার আয়োজন হয়ে আসছে। সকল ধর্মের মানুষের সহযোগিতায় এ আয়োজন সম্পন্ন হয় এবং দেশ ও এলাকার শান্তি কামনায় প্রার্থনা করা হয়।
পূজার পুরোহিত পণ্ডিত উৎপল ভট্টচার্য বলেন, “সনাতন পঞ্জিকা অনুযায়ী পহেলা বৈশাখে এই পূজা অনুষ্ঠিত হয়। নারীরা পূজার মাধ্যমে পরিবার ও স্বামীর মঙ্গল কামনা করেন”।