আমতলী (বরগুনা) প্রতিবেদক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬ ২২:১৭ পিএম
প্রতীকী ছবি/প্রতিদিনের বাংলাদেশ
বরগুনার আমতলীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশা চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
আমতলী ফায়ার সার্ভিসের সামনে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামের বাসিন্দা মো. মিরাজুল ইসলাম এবং পটুয়াখালীর মহিপুর থানাধীন মহিষডাঙ্গা এলাকার বাসিন্দা মো. বেল্লাল। আহতরা হলেন— চাওড়া কালিবাড়ি এলাকার অটোরিকশা চালক মো. ফাহাদ, সোনাখালী গ্রামের জসিম সিকদার ও তুহিন। আমতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য, একটি অটোরিকশা যাত্রী নিয়ে মহিষকাটা এলাকা থেকে আমতলীর দিকে যাচ্ছিল। পথে আমতলী ফায়ার সার্ভিস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে সরাসরি ধাক্কা দেয় এবং চাপা দিয়ে পালানোর চেষ্টা করে। ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ডা. পপি হালদার আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল নেওয়ার পথেই মো. বেল্লালের মৃত্যু হয়। অন্যদিকে, গুরুতর আহত মিরাজুল ইসলামকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
ডা. পপি হালদার জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দ্রুত উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।
এদিকে ঘটনার পর ট্রাকটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা উপজেলার বাদুরা বাজার এলাকায় ধাওয়া করে ট্রাকটি আটক করে।
আমতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ সাইদুল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আটক ট্রাকের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।