রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬ ১১:০৪ এএম
আপডেট : ১৪ এপ্রিল ২০২৬ ১১:৩৭ এএম
রূপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে মঙ্গলবার ভোরে ডাকাতির ঘটনা ঘটে। ছবি: ভিডিও থেকে নেওয়া
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রধারী ডাকাত দল পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মালামাল লুটে নিয়েছে। এ ঘটনার পর থেকেই এলাকার জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের মধুখালী এলাকায় মঙ্গলবার ভোর চারটায় এ ডাকাতির ঘটনা ঘটে।
আরো পড়ুন: শাশুড়িকে হত্যার পর ডাকাতির নাটক, পুত্রবধুসহ গ্রেপ্তার ৩ |
বাড়ির মালিক জমি ব্যবসায়ী হাসান মিয়া জানান, ১৫ থেকে ২০ জনের একদল ডাকাত রামদা, চাপাতি, ছুরিসহ ধারালো সস্ত্রে সজ্জিত হয়ে ভোর ৪টার দিকে বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তাকেসহ তার স্ত্রী তন্নী আক্তার, মা খুরশিদা বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে ফেলে। পরে ঘরের আলমারিতে থাকা ৭ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার, নগদ চার লাখ টাকাসহ মূল্যমান জিনিসপত্র লুটে নেয়। শুধু তাই নয়, এ ব্যাপারে মুখ খুললে জানে মেরে ফেলা হবে বলেও হুমকি দেয়।
গত ২ দিন পূর্বে একই এলাকার লতিফ মিয়ার ছেলে আলমগীরের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। সেখান থেকেও একইভাবে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নেয় ডাকাত দল। এর আগে একই গ্রামের শিহাবদের বাড়ি থেকে গবাদিপশু ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এদিকে, ডাকাতির ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রূপগঞ্জ থানার তদন্ত ওসি মোক্তার হোসেনের নেতৃত্বে পূর্বাচল ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক হারুন-উর-রশিদসহ পুলিশ সদস্যরা।
পূর্বাচল ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক হারুন-উর-রশিদ বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে আলামত জব্দ করি। ডাকাতির ঘটনায় তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।