× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দাউদকান্দিতে ট্রাক উল্টে চাপা পড়ে প্রাণ গেল ৭ জনের

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬ ০৮:০০ এএম

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬ ১১:৫০ এএম

দুর্ঘটনাকবলিত ট্রাক। ছবি: ফেসবুক থেকে

দুর্ঘটনাকবলিত ট্রাক। ছবি: ফেসবুক থেকে

কুমিল্লার চাল বোঝাই এক ট্রাক উল্টে নিচে চাপা পড়ে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৬ জন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় তাসফিন পাম্পের উল্টো পাশে চট্টগ্রামমুখী লেনে মঙ্গলবার ভোর ৩টা ১০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চাল বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-১২০৯) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপর অবস্থানরত ১৩ জন যাত্রী ট্রাকের নিচে চাপা পড়েন।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৭ জন পুরুষ নিহত হন। আহত হন আরও ৬ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

নিহতরা হলেন— দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার খালিবপুর গ্রামের মো. আজাদের ছেলে মোহাম্মদ আফজাল হোসেন (৩৫), মো. আলমের ছেলে সোহরাব হোসেন (৪০), ফজলুর রহমানের ছেলে সালেক (৪৫), একই জেলার বিরামপুর থানার ভাইঘর গ্রামের পলাশের ছেলে সুমন (২১), বিষু (৩৫), মজিরুল ইসলামের ছেলে আবু হোসেন (৩০), মো. রকিবুল্লাহের ছেলে আব্দুর রশিদ (৫৫)।

এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার বলেন, “দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চালবোঝাই একটি ট্রাক গভীররাতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। আমরা ট্রাকের নিচ থেকে ৭জনের মরদেহ উদ্ধার করি।  এছাড়া আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাই। মরদেহগুলো দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ঘটনার পর ট্রাকের চালক বা হেল্পার কাউকে আটক করা সম্ভব হয়নি”।

দাউদকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. এরশাদ হোসেন বলেন, “আমরা রাত ২টা ৪৩ মিনিটে খবর পেয়ে টিম নিয়ে ঘটনাস্থলে যাই এবং ট্রকের নিচ থেকে ৭টি মরদেহ উদ্ধার করি। আরও ৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করি”।

দুর্ঘটনায় আহত দিনাজপুরের জাহাঙ্গীর আলম বাবু বলেন, “আমরা সবাই কৃষি শ্রমিক। দিনাজপুরের বিভিন্ন উপজেলায় আমাদের বাড়ি। ট্রাকটি চট্টগ্রাম যাওয়ার কথা। আমরা কুমিল্লায় যাওয়ার জন্য ট্রাকটিতে উঠি। মেঘনা ব্রিজ পর্যন্ত চালকই গাড়িটি চালায়। এরপর হেলপার গাড়ি চালানো শুরু করে। আমরা চালের বস্তার ওপর শুয়ে-বসে ব্যাপারটা লক্ষ্য করেছিলাম। কিছুক্ষণ পর হঠাৎ মাথায় ঝিমুনি দিয়ে ওঠে। মাঠে পড়ে গেলে সবাই আমরা চালের বস্তার নিচে চাপা পড়ি। আমার মাথাটা শুধু বাইরে ছিল। এ কারণেই বেঁচে গেছি। তবে পা ভেঙে গেছে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা