বগুড়া অফিস
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬ ১৩:১৯ পিএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৬ ১৫:৩৭ পিএম
বগুড়ার শিবগঞ্জে সোমবার বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কর্মসূচিতে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি তেল নিয়ে মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হলেও দেশে সরবরাহ ও মজুত স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, সরকার পরিকল্পনা অনুযায়ী আগামী জুন পর্যন্ত জ্বালানি তেল সাশ্রয় ও সরবরাহ বজায় রাখতে ব্যবস্থা নিয়েছে।
বগুড়ার শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মীর শাহে আলম ফাউন্ডেশনের আয়োজনে এবং গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প ও ছানি রোগীদের বিনামূল্যে অপারেশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, তেল নিয়ে আতঙ্কের কিছু নেই। সবাই তেল পাচ্ছে। সরবরাহ ও মজুদ ঠিক আছে, সিস্টেমের মধ্যেই রয়েছে। হয়তো পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে।
তিনি বলেন, সরকার জ্বালানির দাম বাড়ায়নি; বরং ভর্তুকি দিয়ে অতিরিক্ত দামে তেল কিনে এনে সরবরাহ দিচ্ছে। এ খাতে আগামী জুন পর্যন্ত সরকারের ব্যয় হবে প্রায় ৩৬ হাজার কোটি টাকা, যাতে সাধারণ মানুষ কষ্টে না পড়ে।
প্রধানমন্ত্রীর তারেক রহমানের আসন্ন বগুড়া সফর নিয়েও তিনি কথা বলেন। তিনি জানান, আগামী ২০ তারিখে তারেক বগুড়ায় আসতে পারেন। এটা প্রাক- চূড়ান্ত হয়েছে, এখনও চূড়ান্ত হয়নি। এ সময় তিনি ই-বেল বন্ড কার্যক্রম উদ্বোধন করবেন। সিটি কর্পোরেশন এর ব্যাপারেও জানাবেন। পাশাপাশি বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিরও উদ্বোধন করবেন। এ উপলক্ষে প্রস্তুতি হিসেবে ঢাকা থেকে ১৫ তারিখে সংশ্লিষ্ট দল আসবে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থারও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, একা সরকারের পক্ষে সবকিছু করা সম্ভব নয়। এজন্য তিনি সংশ্লিষ্ট বেসরকারি সংস্থাগুলোর প্রশংসা করেন।
তিনি আরও বলেন, মহাস্থান মোকামতলা এলাকায় একটি কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ কাজে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও কৃষি মন্ত্রণালয় কাজ করছে।
বগুড়ায় বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বহাল থাকবে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনায় এটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়ার চিন্তা করা হচ্ছে। সেখানে কৃষি, প্রকৌশল ও চিকিৎসা বিষয়ে শিক্ষা কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে মীর শাহে আলম ফাউন্ডেশনের আয়োজনে গাক চক্ষু হাসপাতালের সিনিয়র পরিচালক ড. মাহবুব আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান, গাক চক্ষু হাসপাতালের পরিচালক ডা. এইচ এস এম রেজাউন্নবী মন্ডল, উপ-পরিচালক মোহাম্মদ আরমান হোসেন, সহকারী পরিচালক জিয়া উদ্দিন সরকার, মিল্কভিটার পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।