নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬ ২২:১৬ পিএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৬ ২২:৩২ পিএম
বদলিকৃত তিন পুলিশ কর্মকর্তা এসআই খন্দকার মো. আজাদুল ইসলাম, খুরশীদ আলম এবং প্রদীপ দাস। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
প্রজ্ঞাপন জারির চার মাস পর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার তিন পুলিশ কর্মকর্তার বদলি কার্যকর করা হয়েছে।
জেলা পুলিশ সুপার আব্দুর রউফের স্বাক্ষরিত নতুন এক আদেশে রবিবার তাদের বদলি কার্যকর করা হয়েছে।
বদলিকৃত তিন পুলিশ কর্মকর্তা হলেন— উপপরিদর্শক (এসআই) খন্দকার মো. আজাদুল ইসলাম (কসবা থানা), খুরশীদ আলম (ইসলামপুর পুলিশ ফাঁড়ি, বিজয়নগর) এবং প্রদীপ দাস (২নং শহর পুলিশ ফাঁড়ি)।
এর আগে, গত বছরের ২৩ নভেম্বর জেলার অভ্যন্তরে নবীনগর থানার ৬ পুলিশ কর্মকর্তার বদলির প্রজ্ঞাপন জারি করা হয়। ৩০ নভেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য ছাড়পত্র প্রদানের নির্দেশ দেওয়া হয়।
ওই নির্দেশনা অনুযায়ী, তিন কর্মকর্তা ছাড়পত্র গ্রহণ করে নতুন কর্মস্থলে যোগদান করলেও বাকি তিন কর্মকর্তা বদলি স্থগিতের আবেদন করে নবীনগর থানায় কর্মরত থাকেন।
দীর্ঘ চার মাসেও বদলি কার্যকর না হওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়। প্রজ্ঞাপন জারির পরও কেন ছাড়পত্র দেওয়া হয়নি এবং আবেদন করে বদলি স্থগিতের ঘটনাও থানার ভেতরে-বাইরে নানা প্রশ্নের জন্ম দেয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, তাদের আবেদনের প্রেক্ষিতে সাময়িকভাবে বদলি স্থগিত করা হয়েছিল।