কালকিনি (মাদারীপুর) প্রতিবেদক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬ ২০:৫৫ পিএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৬ ২১:২২ পিএম
আগুনে পুড়ে যাওয়া বাস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মাদারীপুরের ডাসায় একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় দগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
উপজেলার মেলকাই এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে রবিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালকিনি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা খোকন জমাদার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় এখনো জানা যায়নি”।
প্রতক্ষদর্শীদের দাবি, গাড়িচালক ও হেলপারের ব্যর্থতার কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সাকুরা পরিবহনের একটি বাস মেলকাই নামকস্থানে পৌঁছালে হঠাৎ গাড়ির ভিতরে থাকা একটি অকটেনের কন্টেইনারে আগুন ধরে যায়। এ সময় দ্রুত পরিস্থিতি বুঝতে পেরে চালক বাসটি মহাসড়কের পাশে থামান।
সঙ্গে সঙ্গে যাত্রীরা বাস থেকে নেমে নিরাপদ আশ্রয় নিতে সক্ষম হলেও একজন মারা যান। খবর পেয়ে কালকিনি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শী মাসুম ও সজিব বলেন, “গাড়িতে থাকা একটি অক্টেনের কন্টেইনার থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তেই আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে”।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, “কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে”।