ঝিনাইদহ প্রতিবেদক:
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬ ১৮:১৭ পিএম
দুটি যাত্রীবাহী বাসের প্রতিযোগিতার মধ্যে চাপা পড়ে নিহত হন হকার ওসমান আলী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঝিনাইদহের কালীগঞ্জে দুটি যাত্রীবাহী বাসের প্রতিযোগিতার মধ্যে পড়ে ওসমান আলী (৪০) নামে এক হকারের মৃত্যু হয়েছে।
কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকায় রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওসমান আলী কালীগঞ্জ পৌরসভার হেলাই গ্রামের বাসিন্দা হলেও তার আদি বাড়ি মাহেশপুর উপজেলায়। তিনি দীর্ঘদিন ধরে বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন যানবাহনে উঠে ফেরি করে পণ্য বিক্রি করতেন। এই তথ্য নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রবিবার বিকালে বাসস্ট্যান্ডে শাপলা পরিবহনের একটি বাসের পাশ দিয়ে একই পরিবহনের আরেকটি বাস দ্রুতগতিতে অতিক্রম করার চেষ্টা করে। এ সময় পেছন দিক থেকে আসা বাসের সঙ্গে সামনের বাসের মাঝখানে আটকে পড়েন ওসমান আলী। তিনি চিৎকার করলেও বাস দুটি গতি কমায়নি, বরং আগে যাওয়ার প্রতিযোগিতায় চেষ্টায় থাকে। দুই বাসের চাপায় গুরুতর আহত হয় ওসমান।
পর তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জান্নাতুল নাঈম লাজুক বলেন, “হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার বুকে ও মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল এবং নাক দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল”।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।