হাসপাতালে নেই ভ্যাকসিন
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬ ২১:১৫ পিএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৬ ২২:২০ পিএম
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: ফেসবুক
ঝিনাইদহের কালীগঞ্জে কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ২৩ জন আহত হয়েছেন।
গত শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত পৌর এলাকার নিশ্চিন্তপুর, মধুগঞ্জ বাজার ও ঢাকালে পাড়াসহ আশপাশের এলাকায় এই কুকুরের উপদ্রব দেখা দেয়। এদিকে সরকারি হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন আহত ও তাদের স্বজনরা।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকাল থেকেই দুটি কুকুর হঠাৎ বেপরোয়া হয়ে পথচারী ও এলাকাবাসীকে কামড় দেয়। পরে আহতদের দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেবিস (জলাতঙ্ক) প্রতিষেধক ভ্যাকসিন মজুত না থাকায় রোগীরা বিপাকে পড়েন। নিরুপায় হয়ে অনেককেই চড়া দামে বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহ করতে হচ্ছে।
এদিকে কুকুরের উপদ্রব থেকে বাঁচতে শুক্রবার রাতে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে একটি কুকুরকে পিটিয়ে মেরে ফেললেও অন্যটি এখনও ধরা পড়েনি। ফলে পুরো এলাকায় বর্তমানে চরম আতঙ্ক বিরাজ করছে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. অরুণ কুমার জানান, গত দুই দিনে কুকুরের কামড়ে আহত অন্তত ২২-২৩ জন হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে কয়েকজনের আঘাত বেশ গুরুতর। বর্তমানে স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিনের সরবরাহ নেই, তাই রোগীদের বাইরে থেকে সংগ্রহের পরামর্শ দেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ বলেন, “ভ্যাকসিন সংকট থাকলেও যারা আমার কাছে এসেছেন, তাদের বাজার থেকে ভ্যাকসিন কিনে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। খুব দ্রুতই স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করা হবে”।