সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬ ১৫:৪০ পিএম
মাহবুবুর রহমান ওরফে ‘কাইল্লা রক্সি’। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ২৮টি মামলার আসামি মাহবুবুর রহমান ওরফে ‘কাইল্লা রক্সি’ (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
র্যাব-১১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, শুক্রবার সন্ধ্যায় জেলার বন্দর উপজেলার কেওডালা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাহবুবুর সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের দমদমা এলাকার নজরুল ইসলাম নজুর ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ সিপিএসসির একটি দল সন্ধ্যা ৭টার দিকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওডালা এলাকায় অভিযান চালিয়ে মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করে।
র্যাবের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে তিনি সোনারগাঁসহ আশপাশের এলাকায় একটি ‘সশস্ত্র সন্ত্রাসী’ চক্র পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, অপহরণ, মুক্তিপণ আদায়, জমি দখলসহ নানা অভিযোগ রয়েছে। এছাড়া তিনি সীমান্ত এলাকা থেকে মাদক এনে নারায়ণগঞ্জ ও ঢাকায় সরবরাহের একটি সিন্ডিকেট পরিচালনা করতেন বলেও অভিযোগ রয়েছে।
র্যাব আরও জানায়, সোনারগাঁ, সিদ্ধিরগঞ্জ ও গজারিয়াসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মোট ২৮টি মামলা রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, “দীর্ঘদিন ধরে তিনি এলাকায় ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তাকে আইনের আওতায় এনে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।