সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬ ১৮:২০ পিএম
আপডেট : ১০ এপ্রিল ২০২৬ ১৯:৪৯ পিএম
পানিতে ডুবে মারা যাওয়া দুই ভাই আদনান ও আব্রাহাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুকুরে পড়া ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই আপন ভাইয়ের মৃত্যু হয়েছে।
উপজেলা কাচঁপুরের রায়েরটেক এলাকায় শুক্রবার দুপুর ১২টায় এ ঘটনায় ঘটে।
মারা যাওয়া দুই ভাইয়ের নাম আদনান (১০) ও আব্রাহাম (৭)। তারা কুষ্টিয়া জেলার পিরোজপুর গ্রামে জিয়াউর রহমানের ছেলে। বর্তমানে রায়েরটেক খান বাড়ির নিজাম খানের বাসায় ভাড়া থাকছে তার পরিবার। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মহিববুল্লাহ এই তথ্য জানিয়েছেন।
নিহত শিশুদের বাবা জিয়াউর রহমান বলেন, “তার দুই ছেলে স্থানীয় আব্দুল্লাহ ইবনে মাসুদ নামে একটি মাদ্রাসায় পড়ে। শুক্রবার বন্ধ থাকায় তারা বাড়িতে এসে পুকুর পাড়ে ফুটবল নিয়ে খেলা করছিল। এসময় পুকুরে বল পড়ে গেলে তার এক ছেলে বল তুলতে গিয়ে পুকুরে পড়ে যায়। পরে আরেক ছেলে তার ভাইকে বাঁচাতে গিয়ে দুইজন একসাথে পুকুরে ডুবে যায়”।
একসাথে দুই ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়ছেন বাবা জিয়াউর রহমান।
ঘটনার প্রত্যক্ষদর্শী রনি হোসেন জানান, দুই ভাই পুকুরে পাড়ে বল নিয়ে খেলা করছিল। হঠাৎ করেই তাদের আর দেখা যায়নি। পরে এক নারীর কান্নাকাটি দেখে তারা পুকুরে নেমে খোঁজাখুজি পর একে একে দুইজনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মহিববুল্লাহ বলেন, “এ ঘটায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে”।