কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬ ১৬:২৬ পিএম
মাইন বিস্ফোরণে আহত যুবক মো. সাদেক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কক্সবাজারে উখিয়ার বালুখালী সীমান্তের শূণ্যরেখায় মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবকের বাম পা ক্ষত-বিক্ষত হয়েছে।
উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তেক শূণ্যরেখায় মিয়ানমার অভ্যন্তরে শুক্রবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটনা ঘটে।
আহত মো. সাদেক (২৫) উখিয়ার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-১৩ ব্লকের বাসিন্দা বশির আহমদের ছেলে। বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এ তথ্য জানান।
জহিরুল ইসলাম বলেন, “সকাল ১০ টার দিকে উখিয়ার বালুখালী সীমান্তের শূণ্যরেখায় নাফ নদীর মিয়ানমার অভ্যন্তরে মো. সাদেক সহ আরও কয়েকজন মাছ ধরছিল। এক পর্যায়ে আকস্মিক বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটলে সাদেক নদীর কিনারায় কাদা মাটিতে লুটিয়ে পড়ে। এতে তার বাম পায়ের গোড়ালি ক্ষত-বিক্ষত হয়ে যায়। পরে ঘটনাস্থলে উপস্থিত অন্যরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে যায়”।
অবস্থা আশংকাজনক হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন বলে জানান, বিজিবির এ ব্যাটালিয়ন অধিনায়ক।