বগুড়া-৬ উপনির্বাচন
বগুড়া অফিস
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬ ১৩:৫০ পিএম
বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী মো. আল-আমিন তালুকদার। ফাইল ফটো
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে এমন এক ফলাফল সামনে এসেছে, যা স্থানীয়দের মধ্যে কৌতূহল আর বিস্ময় দুটোই তৈরি করেছে। বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী মো. আল-আমিন তালুকদার মাত্র ৪৯৯ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। অথচ তার পোলিং এজেন্টেরই সংখ্যা ছিল ৮৩৫ জন।
নির্বাচনের হিসাব বলছে, মোট প্রদত্ত ভোটের মাত্র ০.২৬ শতাংশ পেয়েছেন এই প্রার্থী। অথচ জামানত বাঁচাতে প্রয়োজন ছিল অন্তত সাড়ে ১২ শতাংশ ভোট। সেই তুলনায় তিনি ছিলেন অনেক দূরে।
সবচেয়ে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ভোটের সঙ্গে এজেন্ট সংখ্যার এই অদ্ভুত অমিল। নির্বাচনে ১৫০টি কেন্দ্রের ৮৩৫টি কক্ষেই তার পোলিং এজেন্ট উপস্থিত ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অর্থাৎ, কাগজে-কলমে প্রতিটি কক্ষে তার প্রতিনিধি থাকলেও ভোট বাক্সে সেই উপস্থিতির কোনও প্রতিফলন দেখা যায়নি।
নির্বাচনের আগে থেকেই প্রার্থীর কার্যক্রম ছিল প্রায় অদৃশ্য। মনোনয়ন জমা দেওয়ার পর তাকে জনসম্মুখে দেখা যায়নি বললেই চলে। শহরের কোথাও ছিল না পোস্টার, ব্যানার বা প্রচারের কোনও চিহ্ন। এমনকি নির্বাচন কমিশনে দেওয়া তার মোবাইল নম্বরও বেশিরভাগ সময় বন্ধ পাওয়া গেছে।
‘ফুলকপি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় নামলেও ভোটারদের কাছে তিনি ছিলেন কার্যত অপরিচিত। ফলে শুরু থেকেই তার জামানত হারানোর বিষয়টি অনেকেই নিশ্চিত ধরে নিয়েছিলেন।
প্রার্থীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ থাকায় কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।