গৌরনদী (বরিশাল) প্রতিবেদক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬ ১০:১১ এএম
আগৈলঝাড়ায় ফিলিং স্টেশনে তেল নিয়ে বিরোধ। প্রতীকী ছবি
বরিশালের আগৈলঝাড়ায় একটি ফিলিং স্টেশনে তেল না পাওয়াকে কেন্দ্র করে বুধবার রাত সাড়ে ৯টার দিকে পাম্প ম্যানেজারের ওপর হামলার অভিযোগ উঠেছে।
অভিযোগে বলা হয়েছে, উপজেলা যুবদলের সদস্য মো. জাহাঙ্গীর সরদার পাম্পে গিয়ে ১৫০ লিটার ডিজেল দাবি করেন। তেল সংকটের কারণে এত পরিমাণ দেওয়া সম্ভব নয় জানালে উত্তেজনা তৈরি হয়।
প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা হলে তারা জানান, এ সময় পুলিশের উপস্থিতিতেই পাম্প ম্যানেজার মো. জহিরুল ইসলামের ওপর হামলা চালানো হয়। তাকে আহত অবস্থায় চিকিৎসা নিতে হয়েছে।
ম্যানেজার জহিরুল ইসলাম বলেন, দেশে জ্বালানি সংকট থাকায় অনুরোধ সত্ত্বেও সীমিত তেল দেওয়ার কথা বললে তার ওপর হামলা করা হয়। বিষয়টি তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছেন।
পাল্টা অভিযোগ যুবদল সদস্যের
এ দিকে অভিযুক্ত জাহাঙ্গীর সরদার অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তিনি বোরো মৌসুমে সেচ মেশিনের জন্য তেলের সুপারিশ করতে গিয়েছিলেন।
তিনি অভিযোগ করেন, উল্টো পাম্প কর্তৃপক্ষই তার ওপর হামলা চালিয়েছে।
ঘটনাস্থলে থাকা পুলিশের উপ-পরিদর্শক মো. মনিরুল ইসলাম জানান, উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হস্তক্ষেপ করে।
তিনি বলেন, তেল দেওয়ার বিষয়ে মতবিরোধ থেকেই উত্তেজনার সৃষ্টি হয় এবং পরবর্তীতে তা সংঘর্ষে রূপ নেয়।